রসায়নে স্নাতকোত্তর, গবেষণার কাজে পূর্ব-অভিজ্ঞতা রয়েছে— এমন ব্যক্তিরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে বেছে নেওয়া হবে।
এই কাজের জন্য রসায়নে স্নাতকোত্তরেরা আবেদন করতে পারবেন। তবে, তাঁদের দ্বাদশে বায়োলজি বিষয়টি থাকা প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। একটি গবেষণা প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান দেবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে বহাল রাখা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র নিয়ম অনুযায়ী, নিযুক্তকে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে। পদপ্রার্থীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন।
৩ জুনের আগে আবেদন পাঠানো আবশ্যক। বাছাই করা প্রার্থীদের ৮ জুন ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখা দরকার, সেই বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।