Advertisement
E-Paper

সিবিএসই-র পোর্টালে আবেদনমূল্য বদলেছিলেন পড়ুয়ারাই! অনলাইনে হামলা নিয়ে আর কী দাবি কেন্দ্রের?

পোর্টালে যে অস্বাভাবিক আবেদনমূল্য দেখা গিয়েছিল, তার নেপথ্যে ৫০ জন পড়ুয়ার হাত রয়েছে, এমনই দাবি করল কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১০:২০

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পোর্টাল মারফত পুনর্মূল্যায়নের আবেদন জমা দিতে গিয়ে অবাক হয়েছিলেন পড়ুয়ারা। কারণ আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৬৭ হাজার থেকে ৬৮ হাজার টাকা। সেই ঘটনার পর ক্ষোভ উগড়ে দিয়েছেন সিবিএসই-র দ্বাদশের পরীক্ষার্থীরা। এদিকে পরীক্ষার্থীদেরই এ জন্য দায়ী করল কেন্দ্র।

সংবাদসংস্থার কাছে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক অধিকর্তা জানিয়েছেন, পোর্টালে অনুমোদন ছাড়াই ৫০ জন পড়ুয়া প্রবেশ করেছিলেন। মজাচ্ছলে কিংবা ইচ্ছাকৃত ভাবেই তাঁরাই আবেদনমূল্যের অঙ্ক বদলে দিয়েছিলেন। এর ফলে বিপাকে পড়তে হয় বাকিদের। পোর্টালের ওই অংশে প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখতে গিয়ে এই তথ্য জানা গিয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, পোর্টালটি সকলের জন্য খুলে দেওয়া পর ওই সমস্যা চোখে পড়ে। কারণ বহুদিন ওই পোর্টালটি ব্যবহার করা হয়নি। সমস্যার সমাধান করতে আইআইটি মাদ্রাজ এবং কানপুর, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন অফ ইন্ডিয়া-র বিশেষজ্ঞরা পোর্টালে টাকা জমা দেওয়ার পরিকাঠামো পর্যালোচনা করেন। বর্তমানে ওই পোর্টাল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলেও দাবি ওই কর্তার।

এ দিকে পোর্টালে দেখানো আবেদনমূল্য জমা দিয়েই অনেকে খাতা দেখার আবেদন জানিয়েছেন। তাই সেই সব পড়ুয়ার অতিরিক্ত টাকা কী ভাবে ফেরত দেওয়া হবে, তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জরুরি বৈঠক সেরেছেন বলে জানা গিয়েছিল। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক যাতে সাহায্য করে, তার নির্দেশ দেওয়া হয়েছে।

পোর্টালে সমস্যা হয়েছিল, তা স্বীকার করে নেন শিক্ষামন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, সিবিএসই-র অনলাইন পোর্টাল এবং টাকা লেনদেনের পরিকাঠামোকে সঠিক ভাবে প্রযুক্তি নির্ভর করে তোলা হচ্ছে। এতে একসঙ্গে হাজারের বেশি পড়ুয়া টাকা জমা দিলেও সমস্যা হবে না। সম্পূর্ণ নিরাপদে লেনদেন করার ব্যবস্থা করা হবে।

তবে, নির্ধারিত দিন থেকে দ্বাদশ শ্রেণির খাতার নম্বর পুনর্মূল্যায়ন এবং যাচাইকরণের জন্য আবেদন করার অফিশিয়াল পোর্টাল চালু করা হচ্ছে না। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, ২৯ মে-র পরিবর্তে ১ জুন খুলবে পোর্টাল। ওই দিন থেকে পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

OSM Evaluation Online Applications
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy