কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি হওয়ার জন্য সর্বভারতীয় স্তরে প্রবেশিকা শুরু হয়েছে। সেই পরীক্ষার ফলাফল যাতে সিবিএসই-র পুনর্মূল্যায়নের নম্বর প্রকাশের পর করা হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করা হবে। একই ভাবে পড়ুয়াদের স্বার্থে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এর ফলাফলও নির্ধারিত সময়ের পর প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সংবাদমাধ্যমের কাছে সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতি নিয়ে সংশয়ের কোনও জায়গা নেই বলেও দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি এ-ও বলেন, “সব পড়ুয়ার পাশে আছি। ওয়েবসাইটে গোলমাল হয়েছিল, এ কথা ঠিক। তবে, সেই সমস্যা মেটানোর জন্য আইআইটি-র বিশেষজ্ঞেরা কাজ করছেন। দ্রুতই আবেদনের পোর্টাল চালু করা হবে।”
আরও পড়ুন:
শুক্রবার থেকেই পরীক্ষার্থীরা যাতে তাঁদের নম্বর বা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের অনুরোধ জানাতে পারেন, তার প্রক্রিয়া শুরু হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছিল, এ সংক্রান্ত যে পোর্টালটি চালু করতে চলেছে বোর্ড, তাতে উন্নতমানের প্রযুক্তিগত পরিকাঠামো থাকছে। এতে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে মূল্যায়ন করা সম্ভব। উল্লেখ্য, ২০২৪ কিংবা তার আগের শিক্ষাবর্ষে ২ লক্ষের বেশি পড়ুয়া পুনর্মূল্যায়নের আবেদন করতেন। এ বার সেই সংখ্যা ৪ লক্ষের গণ্ডি পেরিয়েছে। এ ছাড়াও এখনও পর্যন্ত ১১ লক্ষেরও বেশি উত্তরপত্র পড়ুয়াদের যাচাই করার জন্য পাঠানো হয়েছে।
অন্য দিকে, সিবিএসই-র বিরুদ্ধে ওএসএম পদ্ধতির বিষয়ে সুনাম করার জন্য স্কুলগুলিকে বাধ্য করা হচ্ছে, এমন অভিযোগও প্রকাশ্যে এসেছিল। তবে, সম্প্রতি এই দাবি খারিজ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, বোর্ডের তরফে কোনও পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকাকে ডিজিটাল মূল্যায়ন পদ্ধতির পক্ষে বিবৃতি দিতে বাধ্য করার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি।