Advertisement
E-Paper

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সম্মানিত করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, বাদ কারা?

উচ্চশিক্ষার আঙিনায় যে শিক্ষাবি্দেরা তাঁদের নিষ্ঠা, একাগ্রতা এবং নিত্যনতুন উদ্ভাবনী পদ্ধতির পরিচয় দিয়েছেন, তাঁদের স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:৩৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিক্ষকদের সম্মানিত করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই মর্মে উচ্চশিক্ষা ও পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬’-এর আবেদন প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রালয়।

দেশের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সেই সব শিক্ষকদের সম্মানিত করা হবে, যাঁরা শিক্ষাদান, অ্যাকাডেমিক নেতৃত্ব এবং শিক্ষাক্ষেত্রে অনন্য উৎকর্ষ বজায় রাখতে অসামান্য অবদান রেখেছেন। উচ্চশিক্ষার আঙিনায় যে শিক্ষাবিদেরা তাঁদের নিষ্ঠা, একাগ্রতা এবং নিত্যনতুন উদ্ভাবনী পদ্ধতির পরিচয় দিয়েছেন, তাঁদের স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই পুরস্কারটিকে প্রধানত দু’টি বিভাগে ভাগ করা হয়েছে।

প্রথম বিভাগ (উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য): এই ভাগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সম্মানিত করা হবে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার, পিয়োর সায়েন্স (গণিত, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, মেডিসিন এবং ফার্মেসি), কলা বিভাগ, সমাজবিজ্ঞান, ভাষা, বাণিজ্য, আইন এবং ম্যানেজমেন্ট—এই বিভাগে যোগ্য শিক্ষকেরা আবেদন করতে পারবেন। তবে, উচ্চশিক্ষার সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য বিষয়েও শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

দ্বিতীয় বিভাগ (পলিটেকনিকের জন্য): এই বিভাগে সম্পূর্ণ ভাবে ভারতের পলিটেকনিক প্রতিষ্ঠানগুলিতে কর্মরত যোগ্য শিক্ষকদের সম্মান দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকে কর্মরত স্থায়ী পদের শিক্ষকেরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষকদের স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫ বছরের পূর্ণসময়ের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। মনোনয়ন বা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী, প্রার্থীদের বয়স ৫৫ বছরের বেশি হওয়া চলবে না।

কারা আবেদন করতে পারবেন না?

শিক্ষাক্ষেত্রের কিছু নির্দিষ্ট প্রশাসনিক পদে থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। তাঁদের মধ্যে রয়েছেন কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিরেক্টর এবং কলেজের অধ্যক্ষ। তাঁরা স্থায়ী পদে না থাকলেও এই সম্মান গ্রহণের জন্য আবেদন করতে পারবেন না। তবে, বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা আগে এই ধরনের প্রশাসনিক পদে ছিলেন কিন্তু বর্তমানে সক্রিয় ভাবে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন এবং নির্ধারিত বয়ঃসীমার মধ্যে পড়ছেন, তাঁরা আবেদন করতে পারবেন।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানাচ্ছে, সম্মাননা প্রদানের অনুষ্ঠানের সম্পূর্ণ প্রক্রিয়াটি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-কে প্রাতিষ্ঠানিক সহযোগী বা পার্টনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। যোগ্য প্রার্থীরা সরকারের অফিশিয়াল রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল—awards.gov.in-এ গিয়ে অনলাইনে তাঁদের মনোনয়ন বা আবেদনপত্র জমা দিতে পারবেন।

education ministry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy