E-Paper

সাত দিন পথ বন্ধ কেন, ভোগান্তির ‘যোগে’ ক্ষুব্ধ শহর

প্রশ্নের মুখে পড়ে পুলিশের তরফে অবশ্য দাবি করা হচ্ছে, যে মাপের মঞ্চ বাঁধা হচ্ছে, তা রাস্তা খোলা রেখে করা সম্ভব নয়। তাতে কাজ ব্যাহত হতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:৩৭
রেড রোড বন্ধের জেরে যানজট জওহরলাল নেহরু রোডে। মঙ্গলবার।

রেড রোড বন্ধের জেরে যানজট জওহরলাল নেহরু রোডে। মঙ্গলবার। — নিজস্ব চিত্র।

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড অবরুদ্ধ। যেটুকু পথ খোলা ছিল, তা-ও বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে। রেড রোডের বিকল্প পথে যান চলাচল করানো হলেও কিছু কিছু জায়গায় ব্যস্ত সময়ে যানজট হচ্ছে বলে অভিযোগ। ফলে, ভোগান্তির মুখে পড়েছেন শহরবাসীর একাংশ। ভুক্তভোগী, ক্ষুব্ধ নাগরিকেরা তাই প্রশ্ন তুলছেন, ‘‘সেই তো পথ আটকেই অনুষ্ঠান হচ্ছে! এ বার তো অতীতের সব কিছুকেই ছাপিয়ে টানা সাত দিন ধরে রেড রোড বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। রাস্তা না আটকে অনুষ্ঠানের বিকল্প কোনও জায়গা কি ছিল না?’’

প্রশ্নের মুখে পড়ে পুলিশের তরফে অবশ্য দাবি করা হচ্ছে, যে মাপের মঞ্চ বাঁধা হচ্ছে, তা রাস্তা খোলা রেখে করা সম্ভব নয়। তাতে কাজ ব্যাহত হতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। তা ছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক ভিভিআইপি-র যে হেতু উপস্থিত থাকার কথা, তাই নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ও নজরে রাখতে হচ্ছে। এ ব্যাপারে কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) মণীশ জোশী বলেন, ‘‘যে ধরনের মঞ্চ তৈরি করা হচ্ছে, তাতে কিছু দিন সময় লাগার কথা। রাস্তার এক দিক যান চলাচলের জন্য খোলা রেখে কাজ করতে দিলে বিপদ ঘটতে পারে। তাই যান চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করানো হচ্ছে। বিকল্প রাস্তায় যানজট এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্র্যাফিক গার্ডের ওসিরাও সকাল থেকে রাস্তায় থাকছেন।’’

যদিও ভুক্তভোগী শহরবাসী মনে করিয়ে দিচ্ছেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই সাফ জানিয়েছিল, রাস্তা বন্ধ রেখে কোনও কর্মসূচি করা যাবে না। জনগণের অসুবিধা ঘটবে, এমন কোনও কাজ করা যাবে না। সেই সঙ্গেই বিভিন্ন রেল স্টেশন চত্বর ও রাস্তায় যে ভাবে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে, তাতে এখন পথ আটকে যোগ দিবসের কর্মসূচি ঘিরে নানা মহলে প্রশ্ন উঠছে। অনেকেরই প্রশ্ন, জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে যোগ দিবসের কর্মসূচি কি ব্রিগেডের মাঠ বা অন্য কোথাও করা যেত না? এ ব্যাপারে পুলিশের একাংশ অবশ্য বৃষ্টির কথা মনে করাচ্ছেন। বৃষ্টিতে কাদা জমলে সেখানে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারত বলে তাঁদের দাবি।

এ দিন দেখা গেল, মেয়ো রোড এবং রেড রোডের সংযোগস্থলে বিশাল মঞ্চ তৈরির জন্য লোহার কাঠামো আনা হয়েছে। রেড রোডের দু’টি ফ্ল্যাঙ্কের প্রায় ১২০ ফুট চওড়া জায়গা নিয়ে কাজ চলছে। মঞ্চের পিছনের দিকে এমন ভাবে লোহার কাঠামো বসানো হচ্ছে, যাতে সেখানে এলইডি স্ক্রিন বসানো যায়। মঞ্চ বাঁধার কাজে যুক্তেরা জানাচ্ছেন, এমন ভাবে লোহার স্তম্ভের উপরে মঞ্চ বসানো হচ্ছে, যাতে রাস্তা খুঁড়তে না হয়। পরিকল্পনা এমন ভাবে করা হচ্ছে যে, মূল মঞ্চে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা যোগাভ্যাস করতে পারবেন। সেটির সামনে ফোর্ট উইলিয়াম পর্যন্ত রেড রোড জুড়ে যোগাভ্যাস করবেন বিশিষ্টেরা। যদিও মঞ্চ তৈরির জন্য ঘুরপথে যেতে হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ এক পথচারীর মন্তব্য, ‘‘এ শহরে রাস্তা না আটকে কিছুই হয় না। কোনও পরিবর্তনেই অভ্যাসবদলায় না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Yoga Traffic

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy