অধস্তনকে যৌন হেনস্থার অভিযোগ উঠল ওসির বিরুদ্ধেই! দক্ষিণ শহরতলির একটি থানায় অফিসার ইনচার্জের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ নিয়ে শোরগোল দফতরের অন্দরে।
অভিযোগকারিণী এক সিভিক ভলান্টিয়ার। লালবাজারের একটি সূত্রে খবর, ওই সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন, তাঁর সঙ্গে অভব্যতার ঘটনাটি ঘটেছে ফ্রেব্রুয়ারি মাসের শেষে। ওসি তাঁকে যৌন হেনস্থা করেন।
রবিবার ওই মহিলা সিভিক ভলান্টিয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার গাইডলাইন মেনে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান শুরু হয়েছে। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত এফআইআর বা মামলা দায়েরের খবর মেলেনি।
পুলিশ সূত্রে এ-ও খবর, প্রাথমিক অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিককে অন্য থানায় বদলি করা হয়েছে। তাঁর পদমর্যাদার এক আধিকারিককে সংশ্লিষ্ট থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সুপ্রতিম সরকার কলকাতার সিপি হওয়ার পরে শহরের রাস্তাঘাটে পুলিশের বাড়তি তৎপরতা চোখে পড়ছে। নারীসুরক্ষায় বিশেষ জোর দিয়েছেন তিনি। রাতের কলকাতায় মেয়েদের নিরাপত্তা দিতে গত শনিবারই ‘পিঙ্ক বুথ’-এর উদ্বোধন করেন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মোড়ে মোড়ে মহিলা পুলিশ আধিকারিকেরা বিপদগ্রস্ত মহিলাদের সমস্যার কথা শুনবেন। সেখানে পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে।