E-Paper

গানের মঞ্চে জুতো! উদ্যোক্তাদের তৎপরতায় দ্রুত মিটমাট

অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উড়ে এসে পড়ল জুতো। গান থামিয়ে প্রতিবাদ জানান শিল্পী। এর পরে আয়োজকেরা সেই দর্শককে মঞ্চে নিয়ে যান। তিনি ক্ষমা চান। শিল্পীও তাঁকে ক্ষমা করে দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১
অর্কদীপ মিশ্র।

অর্কদীপ মিশ্র। —ফাইল চিত্র।

অভিনেত্রী মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ঘিরে গোলমালের ঘটনায় দেখা গিয়েছিল বিতর্ক। এ বার আরও এক শিল্পীর অনুষ্ঠানে ঘটে গেল বিপত্তি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উড়ে এসে পড়ল জুতো। গান থামিয়ে প্রতিবাদ জানান শিল্পী। এর পরে আয়োজকেরা সেই দর্শককে মঞ্চে নিয়ে যান। তিনি ক্ষমা চান। শিল্পীও তাঁকে ক্ষমা করে দিয়েছেন। এই নিয়ে সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়। যদিও আনন্দবাজার পত্রিকা তার সত্যতা যাচাই করেনি। শিল্পী অবশ্য সমাজমাধ্যমে জানিয়েছেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই দর্শক নিজে ক্ষমা চেয়েছেন। দর্শককে তাঁরাও ক্ষমা করেছেন। বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে।

সম্প্রতি বিরাটিতে এই ঘটনাটি ঘটেছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঙ্গীত শিল্পী অর্কদীপ মিশ্র এবং তাঁর সহযোগী শিল্পীরা। তাঁর দল ‘ফোক ডায়রিজ়’ এর অনুষ্ঠান চলাকালীন মঞ্চে জুতো এসে পড়ে। সেই মুহূর্তে গান থামিয়ে প্রতিবাদ জানান শিল্পী। আয়োজকেরাও শিল্পীদের সহযোগিতা করেন। তাঁরা মঞ্চে উঠে অনভিপ্রেত ওই ঘটনায় ক্ষমা চান। এমনকি, যিনি সেই কাণ্ড ঘটিয়েছেন, তাঁকে খুঁজে মঞ্চে তোলা হয়। সর্বসমক্ষে সেই দর্শক ক্ষমা চেয়ে নেন। অর্কদীপ এবং তাঁর সহযোগী শিল্পীরা তাঁকে ক্ষমা করে দেন। তাঁরা মঞ্চ থেকে বলেন, বিষয়টি মিটে গিয়েছে। ওই দর্শকের বিরুদ্ধে যেন কেউ পদক্ষেপ না করেন, সেই আবেদনও জানান।

সেই বিষয় ঘিরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যদিও এই বিষয় নিয়ে ওই শিল্পী কোনও স্তরে অভিযোগ জানাননি। সমাজমাধ্যমে শিল্পী জানান যে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে।আয়োজকেরা যথেষ্ট শান্তিপূর্ণ ভাবে বিষয়টি সামাল দিয়েছেন। অনুষ্ঠান পরিচালনা থেকে আতিথেয়তায় তাঁদের কোনও ত্রুটি ছিল না। ওই ছেলেটি আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন। তিনি মঞ্চে উঠে সকলের সামনে ক্ষমা চেয়েছেন। এর পরে আর কোনও অভিযোগ থাকতেই পারে না। ছেলেটিকে সকলের সামনে লজ্জায় পড়তে হোক কিংবা ছেলেটির কোনও ক্ষতি হোক, সেটা তাঁরা চান না। তাঁরা ধরে নিয়েছেন যে ভুল করে বিষয়টি ঘটে গিয়েছে। ছেলেটি ভাল থাকুক। কিছু ক্ষেত্রে চুপ করে না থেকে ভুল বোঝাবুঝি সামনাসামনি মিটিয়ে নেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাচক্রে কিছু দিন আগে বনগাঁয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে বিপত্তি ঘটে। শিল্পী থানায় অভিযোগ জানান। তার প্রেক্ষিতে এক আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়। যদিও সেই আয়োজক অভিযোগ খারিজ করে পাল্টা ওই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তাই নিয়ে বিতর্কও দেখা গিয়েছে সমাজমাধ্যমে। তারও আগে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর অনুষ্ঠানেও অনভিপ্রেত ঘটনা ঘটেছিল।

যদিও বিরাটির ঘটনায় শিল্পী যে ভাবে হেনস্থার প্রতিবাদ করেও অভিযুক্তকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন তাকে প্রশংসা করে স্বাগত জানিয়েছেন বহু মানুষ।ওই শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনিচ্ছাকৃত ভাবে বিষয়টি ঘটে থাকতে পারে। সেই দর্শক ক্ষমাও চেয়েছেন। তাঁরাও তাঁকে ক্ষমা করেছেন এবং কেউ যেন যুবককে কিছু না বলেন, তার অনুরোধ করেছিলেন। তবে অনুষ্ঠান চলাকালীন ফের এমন ঘটলে তিনি আবার প্রতিবাদ জানাবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Arkadeep Mishra harassment Music Concert

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy