ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গ হিসেবে আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় সফরের ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে রাজ্য। তবে, তার আগে ওই পরিষেবা কী ভাবে দেওয়া হবে, তার নানা দিক খতিয়ে দেখছে পরিবহণ দফতর। দেশের রাজধানী দিল্লির ধাঁচে মহিলা যাত্রীদের গোলাপি টিকিট দেওয়া হবে, না কি বাসে তাঁরা উঠলেই তা যথেষ্ট বলে ধরা হবে? শুধু এ রাজ্যের বাসিন্দা মহিলারা, না কি ভিন্ রাজ্যের বাসিন্দা এবং বিদেশি নাগরিক, সকলেই এই সুবিধা পাবেন? সরকারি নন-এসি বাস না কি বাতানুকূল এসি থেকে ভলভো— সব ধরনের বাসেই এই সুবিধা মিলবে? সূত্রের খবর, এমনই বেশ কিছু প্রশ্নের মুখে ওই পরিষেবার সম্ভাব্য রূপরেখা চূড়ান্ত করছে রাজ্য পরিবহণ দফতর।
এ ক্ষেত্রে দিল্লি, কর্নাটক, তামিলনাড়ু, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে যেখানে এই পরিষেবা চালু রয়েছে, সেখানকার নিয়মকানুন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের সব ক’টি সরকারি পরিবহণ নিগমের শীর্ষ কর্তাদের কাছে বাসের অবস্থা, রুট এবং সংখ্যা খতিয়ে দেখে পরিকল্পনা রূপায়ণের সম্ভাব্য রূপরেখা জানতে চাওয়া হয়েছে। সব পরিকল্পনা হাতে পেলে পরিবহণ সচিব ও মুখ্যসচিব দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করবেন বলে সূত্রের খবর।
সরকারি বাসে মহিলাদের নিখরচায় সফরের ব্যবস্থা প্রথম চালু হয়েছিল দিল্লিতে। সেখানে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং তাদের সহযোগী সংস্থার বাসে মহিলা যাত্রীরা ওই সুবিধা পান। বাসে উঠলে মহিলাদের ‘জ়িরো ভ্যালু’ পিঙ্ক টিকিট দেওয়া হয়। পরে কন্ডাক্টরের মাধ্যমে ওই হিসেব মিলিয়ে দেখে সংশ্লিষ্ট পরিবহণ নিগমকে টাকা মিটিয়ে দেয় রাজ্য সরকার।
কর্নাটকে শক্তি প্রকল্পের আওতায় মহিলারা সরকারি নন-এসি এবং লাক্সারি শ্রেণির নয়, এমন বাসে বিনামূল্যে সফর করেন। সরকারি পরিচয়পত্র থাকলেই ওই সুবিধা মেলে। তামিলনাড়ুতে ভিদিয়াল পায়ানাম প্রকল্পের আওতায় সাধারণ নন-এসি বাসে মহিলারা নিখরচায় যাতায়াতের সুযোগ পান। পঞ্জাবে মহিলারা রাজ্যের বাসিন্দা হওয়ার নথি দেখালেই বিনা ভাড়ায় সফর করতে পারেন।
এ রাজ্যের ক্ষেত্রে কলকাতা এবং শহরতলি ছাড়াও দূরপাল্লার বাসে মহিলারা বিনা ভাড়ায় সফরের সুযোগ পাবেন বলে খবর। গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কাছাকাছি ও দূরপাল্লার বাসে ওই পরিষেবা মিলবে বলে জানান।
সরকারি পরিবহণ নিগমগুলি প্রাথমিক ভাবে এই লক্ষ্য মাথায় রেখেই খুঁটিনাটি চূড়ান্ত করছে বলে সূত্রের খবর। দূরপাল্লার বাসে মাঝপথে মহিলা যাত্রী উঠলে তাঁকে সফরের সুযোগ দেওয়া হবে। কিন্তু, আগাম টিকিট কেটে সফর করা যাত্রীরা বসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)