Advertisement
E-Paper

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা! কৃষ্ণনগরে গ্রেফতার পুরকর্মী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কর্মরত এক মহিলা পুলিশকর্মীকে ভাল চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেন উপেন্দ্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২৩:২৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কৃষ্ণনগর পুরসভার এক কর্মী। ধৃতের নাম উপেন্দ্র দাস। তিনি পুরসভার জল সরবরাহ বিভাগে কর্মরত এবং কৃষ্ণনগরের রাধানগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলা পুলিশকর্মীকে প্রতারণা করার অপরাধে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কর্মরত এক মহিলা পুলিশকর্মীকে ভাল চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেন উপেন্দ্র। অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেন ওই পুরকর্মী। দীর্ঘ দিন কেটে গেলেও চাকরি না মেলায় সন্দেহ হয় ওই মহিলার। টাকা ফেরত চাইলে উপেন্দ্র তাঁকে মাত্র ২ লক্ষ টাকা ফেরত দেন। বাকি ১০ লক্ষ টাকা ফেরত না দিয়ে দিনের পর দিন ঘোরাতে থাকেন বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই মহিলা পুলিশকর্মী কৃষ্ণনগর কোতোয়ালি থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এর পরেই অভিযুক্ত পুরকর্মী উপেন্দ্রকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে নদিয়া জেলা ও দায়রা আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান।

Krishnanagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy