E-Paper

দত্তক দেওয়া নিয়ে হাই কোর্টের রোষে শিশুকল্যাণ সমিতি

এ দিন নিজেদের সন্তানকে ফেরত চেয়ে মামলাকারী মা-বাবার আইনজীবী অভিযোগ করেন, আইনানুগ উপযুক্ত অনুসন্ধান ও তদন্ত ছাড়াই শিশুটিকে পরিত্যক্ত ঘোষণা করে দত্তক দেয় সমিতি। এমনকি, শিশুটিকে ফেরত পেতে হাই কোর্টে দায়ের করা মা-বাবার একাধিক মামলা ও নির্দেশের কথাও বিবেচনা করা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৭:৪৯
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পূর্ব কলকাতা এলাকায় নর্দমা থেকে উদ্ধার হওয়া শিশুর পরিবারের বিষয়ে উপযুক্ত অনুসন্ধান না করেই তাকে দত্তক দেওয়ায় কলকাতা হাই কোর্টের রোষের মুখে পড়ল শিশুকল্যাণ সমিতি। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, ‘‘শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে শিশুকল্যাণ সমিতির পদ্ধতিগত গাফিলতির কোনও সঙ্গত যুক্তি থাকতে পারে না। শিশু, তার জন্মদাতা মা-বাবাকে নিয়ে কার্যত খেলা করা হয়েছে। সমিতির গাফিলতি শিশুটির প্রতি তৃতীয় পক্ষকে অধিকার দিয়েছে।’’

এ দিন নিজেদের সন্তানকে ফেরত চেয়ে মামলাকারী মা-বাবার আইনজীবী অভিযোগ করেন, আইনানুগ উপযুক্ত অনুসন্ধান ও তদন্ত ছাড়াই শিশুটিকে পরিত্যক্ত ঘোষণা করে দত্তক দেয় সমিতি। এমনকি, শিশুটিকে ফেরত পেতে হাই কোর্টে দায়ের করা মা-বাবার একাধিক মামলা ও নির্দেশের কথাও বিবেচনা করা হয়নি। আইনজীবীর দাবি, জুভেনাইল জাস্টিস আইনের নিয়ম উপেক্ষা করেছে সমিতি। দত্তক দেওয়ার প্রক্রিয়া বাতিল করে শিশুটিকে তার নিজের মা-বাবার কাছেই ফিরিয়ে দেওয়ার আর্জি জানান তিনি।

এ দিন শিশুটিকে উদ্ধার করা ও দত্তক দেওয়ার সম্পূর্ণ রিপোর্ট এবং মুখবন্ধ খামে দত্তক নেওয়া দম্পতির তথ্য আদালতে জমা দেন শিশুকল্যাণ সমিতির আইনজীবী তপনকুমার মুখোপাধ্যায়। তিনিও কার্যত সমিতির পদ্ধতিগত ত্রুটির কথা মেনে নেন। যদিও তাঁর দাবি, দত্তকের প্রক্রিয়া বাতিল করতে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে মা-বাবাকে। বিচারপতির পাল্টা মন্তব্য, ‘‘সমিতির পদ্ধতিতে ভুল থাকলে দত্তকের প্রক্রিয়াকেই বাতিল করতে পারে কোর্ট।’’

শিশুটির বিষয়ে সমিতির রিপোর্টে একাধিক ত্রুটি নিয়েও এ দিন বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় সমিতিকে। তবে দত্তক নেওয়া দম্পতির যে এই বিষয়ে কোনও ত্রুটি নেই, তা-ও জানান বিচারপতি। ওই দম্পতিকে মামলায় যুক্ত করতে বলেছেন তিনি। ৯ এপ্রিল তা‌ঁদের বক্তব্য শুনবে কোর্ট।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court Child Adoption Child Welfare Association

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy