Advertisement
E-Paper

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই, নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হল শনিবার

‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা স্থগিত রেখে শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে মামলা হয়। তার পরই সিবিআই তলব।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৫:২৩
Abhishek Banerjee

আদালতের আগের নির্দেশ ছিল কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। —ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেককে। ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় রাতেই যাচ্ছেন তিনি।

পরে সে কথা নিজেই জানিয়েছেন অভিষেক। বাঁকুড়া থেকে বলেন, ‘‘আজকেই ফিরে যাচ্ছি।’’ বস্তুত, শুক্রবারই অভিষেক জানিয়ে দেন, তদন্তকারী সংস্থা তলব করলে তিনি নিজস্ব কর্মসূচি স্থগিত রেখেই তাদের কাছে যাবেন। তদন্তে সব রকম সহযোগিতা করবেন।

এর আগে গত শুক্রবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্ট। ওই দিন শুনানিতে অভিষেকের আইনজীবী হাই কোর্টকে পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। একই সঙ্গে অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ারও আর্জি জানানো হয়। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা যাতে চরম পদক্ষেপ নিতে না পারে, তার জন্যও আবেদন করেন অভিষেকের আইনজীবী।

কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হা নির্দেশ দেন, কুন্তল ঘোষের চিঠি মামলায় ইডি এবং সিবিআই প্রয়োজনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই রায়কে চ্যালেঞ্জ করলেও শুক্রবার অভিষেকের আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অনেকগুলি পূর্বনির্ধারিত মামলা রয়েছে। সেগুলোর রায় ঘোষণা করতে হবে। সে সব ওয়েবসাইটে আপলোডের কাজ রয়েছে। তাই এখনই ওই মামলা শুনতে পারবে না ডিভিশন বেঞ্চ।গ্রীষ্মাবকাশের পর আদালত খুললে তা সম্ভব হতে পারে। এর পরেই সিবিআইয়ের তলব পান অভিষেক।

নিজে সে কথা টুইট করেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লেখেন, ‘‘এক দিনের আগাম নোটিস না দেওয়া সত্ত্বেও আমি এই সমন মেনে চলব।’’

Abhishek Banerjee CBI Teacher Recruitment Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy