রিজেন্ট পার্ক থানায় দায়ের হওয়া আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে ফের ৩০ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলেন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের ভারপ্রাপ্ত বিচারক। ওই মামলাতেই পুলিশি হেফাজতে ছিলেন স্বরূপ। শনিবার পুলিশি হেফাজত থেকে তাঁকে আদালতে পেশ করা হয়।
সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘ওই মামলায় আর্থিক দুর্নীতির জাল অনেক দূর বিস্তৃত। তদন্ত থেকে গুরুত্বপূর্ণ বহু তথ্য উঠে আসছে। অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছেন না। সেই কারণে ফের তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে।’’
প্রসঙ্গত, স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় তিনটি আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়েছে। একটি মামলায় জেল হেফাজত হয়েছে তাঁর। আর একটি মামলায় পুলিশি হেফাজতে রয়েছেন স্বরূপ। এ দিন রিজেন্ট পার্ক থানায় আর একটি আর্থিক দুর্নীতির মামলায় শোন অ্যারেস্টের (একটি মামলায় জেল হেফাজতে থাকা অভিযুক্তকে আর একটি মামলায় গ্রেফতার) আবেদন করা হয়। বিচারক ৩০ জুন ওই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন। অর্থাৎ, রিজেন্ট পার্ক থানার তৃতীয় মামলায় স্বরূপকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুর এবং রিজেন্ট পার্ক থানায় মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। নিউ আলিপুর থানার আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের মামলায় জেল হেফাজতে স্বরূপ। রিজেন্ট পার্ক থানার একটি আর্থিক দুর্নীতির মামলায় জেল হেফাজত এবং আর একটি আর্থিক দুর্নীতির মামলায় পুলিশি হেফাজতে স্বরূপ। অন্য একটি আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে শোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)