E-Paper

ছুটি অথচ পালনীয়, শ্যামাপ্রসাদ-স্মরণ ঘিরে বিভ্রান্তি

৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন, ৬ জুলাই তাঁর জন্মদিন। শিক্ষকেরা জানাচ্ছেন, এই উপলক্ষে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, ২৩ জুন থেকে ৬ জুলাই স্কুলগুলিতে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালন করতে হবে। সেই নির্দেশ মতো তাঁরা ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠান করেছেন।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:২১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ, ৬ জুলাই ‘এন আই অ্যাক্ট’-এ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে শ্যামাপ্রসাদকে স্মরণও করতে। আর এই নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে শিক্ষকমহলে। কারণ, ছুটির দিনে শ্যামাপ্রসাদকে স্মরণ করার অর্থ এটি পালনীয় দিন হিসাবে ধরা, এমনটাই মনে করছেন শিক্ষক এবং জেলা স্কুল পরিদর্শকদের একাংশ। আরও বলা হয়েছে, আজ পড়ুয়াদের মিড-ডে মিল দিতে হবে। শিক্ষকদের একাংশের মতে, বিগত সরকারের আমলেও ১৫ অগস্ট, ২৬ জানুয়ারির মতো ছুটি অথচ পালনীয় দিন নিয়ে বিভ্রান্তি ছিল। এ বার শ্যামাপ্রসাদের জন্মদিন পালন ঘিরে সেই বিভ্রান্তি বেড়েছে। শিক্ষকেরা জানাচ্ছেন, আজ কখন স্কুলে শ্যামাপ্রসাদের জন্মদিনের অনুষ্ঠান করতে হবে, তা নির্দিষ্ট ভাবে বলা হয়নি। কিছু জেলায় স্কুলগুলিতে দুপুর ৩তিনটে থেকে এই অনুষ্ঠান করার নির্দেশ এসেছে। শিক্ষকদের প্রশ্ন, ছুটি অথচ পালনীয় এই দিনে তা হলে কখন আসবে ছাত্রছাত্রীরা?

প্রসঙ্গত, ২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন, ৬ জুলাই তাঁর জন্মদিন। শিক্ষকেরা জানাচ্ছেন, এই উপলক্ষে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, ২৩ জুন থেকে ৬ জুলাই স্কুলগুলিতে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালন করতে হবে। সেই নির্দেশ মতো তাঁরা ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠান করেছেন।

শহরতলির একটি স্কুলের এক শিক্ষক জানান, তাঁরা শেষ বার শ্যামাপ্রসাদের স্মরণে বড় অনুষ্ঠান করেছেন গত বৃহস্পতিবার, অর্থাৎ ২ জুলাই। শুক্রবার তাঁরা শিক্ষা দফতর থেকে জানতে পারেন, ৬ জুলাইও স্কুলে যথোচিত মর্যাদায় শ্যামাপ্রসাদকে স্মরণ করতে হবে। শুধু অনুষ্ঠান করা নয়, সেই অনুষ্ঠানের জিয়ো ট্যাগ সংবলিত ছবি, অর্থাৎ কোন সময়ে, কোথায় ছবি তোলা হল— তা শিক্ষা দফতরে পাঠাতে হবে। ওই শিক্ষক বলেন, ‘‘শ্যামাপ্রসাদ পক্ষে আমরা ইতিমধ্যে একাধিক অনুষ্ঠান করে ফেলেছি। ভেবেছিলাম, ৬ জুলাই শুধু শ্যামাপ্রসাদকে স্মরণ করেই চলে যাব। কিন্তু সে দিন সবাইকে স্কুলে আসতে বলা হয়েছে। এটাও ভাবতে হচ্ছে, ৬ জুলাই কী অনুষ্ঠান করব!’’

বাঙুর এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘আমাদের বলা হয়েছে দুপুর ৩টে থেকে শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করতে। সে দিন এমনিতে স্কুল ছুটি। তা হলে কি পড়ুয়া ও শিক্ষকেরা বেলা ১১টার বদলে দুপুর ৩টের সময়ে আসবেন? অত বেলায় অনেকেই আসতে চাইবেন না। এ দিকে, যথাযথ মর্যাদায় যে শ্যামাপ্রসাদের জন্ময়জন্তী পালন করা হয়েছে, তার ছবি-সহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।’’

ওই প্রধান শিক্ষকের মতে, এর চেয়ে স্কুলে অর্ধ দিবস কাজ হবে বললে অনেক ভাল হত। পড়ুয়ারা দেড়টা পর্যন্ত ক্লাস করে, মিড-ডে মিল খেয়ে শ্যামাপ্রসাদের স্মরণ-অনুষ্ঠানে অংশ নিতে পারত। সল্টলেক এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘আমরা নির্দেশ দিয়েছি নির্ধারিত সময়েই স্কুলে আসতে হবে। প্রথম দিকে কয়েকটি ক্লাসও হবে। তা হলে এন আই অ্যাক্ট অনুযায়ী যে ছুটি বলা হয়েছে, সেটা কিন্তু হল না।’’

সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘প্রশ্ন হচ্ছে, ছুটির দিনে কেন ক্লাস হবে? এর আগে ২৬ জানুয়ারি বা ১৫ অগস্ট আমরা সকাল সকাল স্কুলে এসে দিনটি পালন করে চলে যেতাম। এই প্রথম সরকার শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি দিয়েছে। আবার, একই সঙ্গে স্কুলগুলিকে তা পালন করতেও বলা হয়েছে। এই স্মরণ সকাল সকাল করে নেওয়া যেত।’’

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘ছুটির ক্যালেন্ডারে কয়েকটি দিন ছুটি অথচ পালনীয় দিন হিসাবে থাকে। সেগুলি স্পষ্ট ভাবে কার্যকরী দিবস হিসেবে পালনীয়, এই বলে উল্লেখ করা হোক। তাতে সকলের বিভ্রান্তি দূর হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Syama Prasad Mookerjee West Bengal government Holiday Government Schools

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy