E-Paper

পাটুলির আবাসনে গুলি-কাণ্ডে ধৃত আরও এক জন

এ দিন সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘রাহুলের মাথায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছিল। ময়না তদন্তে রাহুলের মাথার খুলি থেকে ওই কার্তুজ বার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত এখনও ফেরার।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৬:৪৮

—প্রতীকী চিত্র।

দিন কয়েক আগে পাটুলি থানার পূর্ব ফুলবাগান এলাকার এক আবাসনের ছাদে নেশার আসরে খুন হনরাহুল দে নামে এক যুবক। ওই খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে মুখিয়া নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার অভিযুক্তকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক ৬ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, ওই ঘটনায় আগেই চার জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

এ দিন সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘রাহুলের মাথায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছিল। ময়না তদন্তে রাহুলের মাথার খুলি থেকে ওই কার্তুজ বার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত এখনও ফেরার। ওই দিন একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল। ওই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এবং মূল অভিযুক্ত-সহ বাকিদেরগ্রেফতারের প্রয়োজনে আকাশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।’’ এ দিন রাহুলের মাথার খুলি থেকে বার করা কার্তুজের ছবি পুলিশ আদালতে পেশ করে।

অভিযুক্তের তরফে জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, ‘‘ওই ঘটনায় আকাশ সরাসরি জড়িত নন। আকাশের গ্রেফতারি বেআইনি। গ্রেফতারের সময়ে তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়নি। এটিকে বেআইনি গ্রেফতার বলেই গণ্য করা উচিত। আকাশের জামিনের আবেদন করা হচ্ছে।’’

বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পরে ৬ এপ্রিল পর্যন্ত আকাশের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রের খবর।

পাটুলি থানা এলাকার ওই ঘটনায় জিৎ মুখোপাধ্যায় নামে অন্য যুবক আহত হয়েছিলেন। জিৎ বর্তমানে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Patuli Murder Case Patuli police custody

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy