Advertisement
E-Paper

করোনা আক্রান্ত বাসিন্দার মৃত্যু, বন্ধ আবাসন

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭ নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকার একটি বহুতল আবাসনের বাসিন্দা, অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসার দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০২:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মৃতদেহ দাহ করার দু’দিন পরে পাওয়া গেল করোনা পরীক্ষার রিপোর্ট, এবং দেখা গেল তা পজ়িটিভ। এর পরেই গোটা বহুতল আবাসনের সব বাসিন্দাকে গৃহ-পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল রাজপুর-সোনারপুর পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭ নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকার একটি বহুতল আবাসনের বাসিন্দা, অবসরপ্রাপ্ত এক পুলিশ অফিসার দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। সপ্তাহখানেক আগে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ওই ব্যক্তির। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি করোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনাও নেওয়া হয়। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি বাড়িতেই মারা যান। চিকিৎসকের লিখে দেওয়া ডেথ সার্টিফিকেট নিয়ে শেষকৃত্যও সম্পন্ন হয়।

এর পরে বুধবার পুরসভার হাতে পৌঁছয় মৃতের করোনা পরীক্ষার রিপোর্ট। জানা যায়, ওই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন। এর পরেই গোটা আবাসন বন্ধ করে দেওয়া হয়। তালা দিয়ে দেওয়া হয় গেটে। পুরসভার তরফে আবাসনের প্রতিটি ফ্ল্যাট জীবাণুমুক্ত করা হয়েছে। আপাতত ১৪ দিন আবাসিকদের বাইরে যাওয়া-আসা নিষিদ্ধ। আশপাশের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। পুরসভার বিদায়ী চেয়ারম্যান পারিষদ নজরুল আলি মণ্ডল বলেন, ‘‘আমরা সব রকম সতর্কতা নিয়েছি। ওই আবাসিকদের উপরে পুরসভা নজর রাখছে। তাঁদের কোনও অসুবিধা যাতে না হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে।’’

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় আরও তিন জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁদের প্রত্যেককেই গৃহ-পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। পুরসভার তরফে চিকিৎসকেরা নিয়মিত আক্রান্তদের দেখাশোনা করছেন। তাঁদের বাড়ি ঘিরে দেওয়া হয়েছে।

Covid-19 Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy