Advertisement
E-Paper

ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজে নয়া জলপ্রকল্প, কলকাতা পুরসভার সংযুক্ত এলাকার জলকষ্টের সমাধান করতে পদক্ষেপ

ধাপায় নির্মীয়মাণ প্লান্টটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন। অন্য দিকে, গড়িয়া ঢালাই ব্রিজে তৈরি হচ্ছে আরও একটি প্লান্ট, যেখানে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪
KMC New water projects at Dhapa and Garia Dhalai Bridges

পূর্ব কলকাতার জলসঙ্কট সমাধানে তৎপর পুরসভা। —ফাইল চিত্র।

কলকাতা পুরসভার সংযুক্ত এলাকার (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব) পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে জোরকদমে এগোচ্ছে দু’টি নতুন জল প্রকল্পের কাজ। ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজের কাছে গড়ে উঠছে আধুনিক ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’। পুর কর্তৃপক্ষের লক্ষ্য আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই এই দু’টি প্রকল্প থেকে জল সরবরাহ শুরু করা।

ধাপায় নির্মীয়মাণ প্লান্টটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন। অন্য দিকে, গড়িয়া ঢালাই ব্রিজে তৈরি হচ্ছে আরও একটি প্লান্ট, যেখানে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে। এই দুই প্রকল্প চালু হলে পুরসভার সংযুক্ত এলাকা, যেমন টালিগঞ্জ, যাদবপুর এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের কয়েক লক্ষ বাসিন্দা উপকৃত হবেন বলে দাবি পুর প্রশাসনের। তবে শুধু জলপ্রকল্প নির্মাণেই শেষ নয়। সেই জল পৌঁছে দিতে প্রয়োজন বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে মোট ৯১টি স্ট্রেচ মিলিয়ে প্রায় ১৩৫ কিলোমিটার নতুন পাইপলাইন পাতার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৪৬ কিলোমিটারেরও বেশি অংশে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

পাইপ বসানোর জন্য বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এ বার সেই সব রাস্তা দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের কাজে হাত দিয়েছেন পুর কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় ২৫টি রাস্তার সংস্কারের কাজ চলছে জোরকদমে।

পুর প্রশাসনিক মহলের ইঙ্গিত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই যতটা সম্ভব কাজ শেষ করতে তৎপরতা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্প দু’টি চালু হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার জলসঙ্কট অনেকটাই কমবে বলে আশাবাদী পুরসভা।

water project KMC Dhapa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy