Advertisement
E-Paper

বাজারগুলির প্রবেশ ও প্রস্থানের গেটের ৪৫ ফুট হকারমুক্ত! মিলবে পুনর্বাসন, আবার হবে সমীক্ষা, সিদ্ধান্ত কলকাতা পুরসভার

দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় হকার বসার জায়গা নিয়ে বিতর্ক থাকায় এই সমীক্ষার মাধ্যমে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২২:২৯
কলকাতা পৌরসংস্থা কেন্দ্রীয় কার্যালয়।

কলকাতা পৌরসংস্থা কেন্দ্রীয় কার্যালয়। —ফাইল চিত্র।

হকারদের স্বার্থরক্ষা, বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শনিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন করে ভেন্ডিং জ়োন এবং নন-ভেন্ডিং জ়োন চিহ্নিত করার জন্য সমীক্ষা চালানো হবে। দীর্ঘ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় হকার বসার জায়গা নিয়ে বিতর্ক থাকায় এই সমীক্ষার মাধ্যমে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এ ছাড়াও, কেন্দ্রের পিএম স্বনিধি প্রকল্পের ঋণ সুবিধা যাতে প্রকৃত পথবিক্রেতারা পান, সেই উদ্দেশ্যে ফের হকারদের সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সমীক্ষার ভিত্তিতেই যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে বলে পুরসভা সূত্রের খবর। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার অধীন সমস্ত বাজার ঘিরে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বাজারের প্রবেশ ও প্রস্থানের গেট থেকে অন্তত ৪৫ ফুট এলাকা হকারমুক্ত রাখতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে যে সব হকার প্রভাবিত হবেন, তাঁদের একই এলাকার কাছাকাছি উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে বাজারে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি ক্ষতিগ্রস্ত হকারদের জীবিকাও সুরক্ষিত রাখার চেষ্টা করা হবে।

অন্য দিকে, বৈঠকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত হকার সংগঠন ও ইউনিয়নকে নিয়ে নতুন করে টাউন ভেন্ডিং কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে প্রশাসকের কাছে। সংগঠনগুলির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করায় পুরবোর্ড ভেঙে গিয়েছে। সেই পরিস্থিতিতে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন টাউন ভেন্ডিং কমিটি গঠন করা জরুরি। হকার জয়েন্ট অ্যাকশন কমিটি (পশ্চিমবঙ্গ) সভাপতি এবং টাউন ভেন্ডিং কমিটির সদস্য অসিত সাহা বলেন, ‘‘নতুন সমীক্ষা, পুনর্বাসন এবং প্রতিনিধিত্বমূলক কমিটি গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের পথবিক্রেতাদের দীর্ঘ দিনের একাধিক সমস্যার সমাধানের পথ খুলে যেতে পারে। এখন পুরসভার পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকেই নজর সংশ্লিষ্ট সকলের।’’ তিনি আরও বলেন, ‘‘অনেক ভুয়ো সংগঠন এবং রেজিস্ট্রেশন নেই এমন সংগঠনের প্রতিনিধিদের যাতে টিভিসি-তে না রাখা হয়, সেই বিষয়ে আমরা লিখিত আবেদন জানিয়েছি।’’

Kolkata Municpal Corporation KMC Hawkers eviction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy