Advertisement
E-Paper

আজ থেকেই রাস্তায় নামছে পুলিশ

তিনটি শিফটে রাস্তায় পুলিশবাহিনী থাকলেও মূলত রাতেই বড় বাহিনী নামানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ন’টি ডিভিশনেই এ বছর মোবাইল মিসিং পার্সনস স্কোয়াড থাকছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০২:৪৮
শারদীয়া: তৃতীয়াতেই ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল। মঙ্গলবার। ছবি: বিশ্বনাথ বণিক

শারদীয়া: তৃতীয়াতেই ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে দর্শনার্থীদের ঢল। মঙ্গলবার। ছবি: বিশ্বনাথ বণিক

পুজোর ভিড় সামলাতে এবং শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে আজ, বুধবার চতুর্থী থেকেই রাস্তায় নামছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রের খবর, চতুর্থীতে সাত হাজার পুলিশ রাস্তায় নামানো হচ্ছে। তবে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন শহর জুড়ে থাকছেন প্রায় ১৮ হাজারের মতো পুলিশকর্মী। এর সঙ্গে থাকছে ৬০০-৭০০ মহিলা পুলিশও। শহরে মোট ২৬০০টির মতো বারোয়ারি পুজো হয় বলে পুলিশ সূত্রের খবর। তার মধ্যে বড় পুজোর সংখ্যা ১৭৯, যেগুলিতে ভিড় সবচেয়ে বেশি হয়। সেই সব পুজো মণ্ডপগুলির কথা মাথায় রেখেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করার ব্যবস্থা হয়েছে। মূলত ইভটিজ়িং রুখতে শহরের বিভিন্ন বড় পুজো মণ্ডপগুলিতে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘দ্য উইনার্স।’ এই বাহিনী পুজোর আগে থেকেই বাজার এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে বলে লালবাজার সূত্রের খবর।

তিনটি শিফটে রাস্তায় পুলিশবাহিনী থাকলেও মূলত রাতেই বড় বাহিনী নামানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ন’টি ডিভিশনেই এ বছর মোবাইল মিসিং পার্সনস স্কোয়াড থাকছে। থাকছে কুইক রেসপন্স টিম, পুলিশ কন্ট্রোল ভেহিক‌্লস, র‌্যাপিড পুলিশ পেট্রল, হেভি ফ্লাইং স্কোয়াড থেকে শুরু করে গঙ্গায় নজরদারির জন্য রিভার পেট্রলিং বোট। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে ওয়াচ টাওয়ার। লালবাজার সূত্রে আরও খবর, বড় পুজো কমিটিগুলিকে মণ্ডপে ক্যামেরা লাগাতে বলা হয়েছে।

পুলিশের তরফ থেকেও বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

এ বছর দমকল বাহিনীর জন্য রাখা হচ্ছে ১২টি পাইলট কার। থাকছে পুজো অ্যাম্বুল্যান্স, ট্রমা কেয়ার পুলিশ অ্যাম্বুল্যান্স। এ বারই প্রথম কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের তরফ থেকে একটি দল নামানো হচ্ছে শহরের বুকে। এই দলটি পাড়ার ছোট ছোট পুজো মণ্ডপগুলিতে রাতের দিকে টহলদারি দেবে।

অন্য দিকে, ভিআইপি রোড-সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল মসৃণ রাখতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ভিআইপি রোড সংলগ্ন ফুটব্রিজগুলি শুধুমাত্র ওই এলাকার বাসিন্দারাই ব্যবহার করতে পারবেন। নামানো হচ্ছে কুইক রেসপন্স টিমও।

দশমী ও একাদশীতে যে সব মণ্ডপে ঠাকুর থাকবে, সেগুলির জন্য বাহিনী মোতায়েন করা থাকবে। বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিসর্জনের জন্য।

Kolkata Police Durga Puja 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy