E-Paper

ওয়ার্ড জুড়ে জঞ্জাল কেন, ঘুরে দেখে ক্ষুব্ধ মন্ত্রী

এ দিন সকালে অগ্নিমিত্রা দফতরের আধিকারিকদের নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে ওয়ার্ডে গিয়ে রোগীদের শয্যার নীচে ব্যবহৃত সিরিঞ্জ, তুলো, আবর্জনা পড়ে থাকতে দেখে রেগে যান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৮:২৩
রাজ্যের নবনির্বাচিত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যের নবনির্বাচিত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। —ফাইল চিত্র।

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সাফাইয়ের কাজ ঠিক মতো না হওয়ার অভিযোগ রয়েছে বহু দিন ধরেই। কোথাও হাসপাতাল ভবনের দেওয়াল জুড়ে পানের পিক, কোথাও রোগীর শয্যাতেই বসে থাকে বিড়াল। তিলজলার কারখানায় অগ্নিকাণ্ডে জখম, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন জনকে বুধবার দেখতে গিয়ে ওয়ার্ডে, বারান্দায় আবর্জনা পড়ে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের নবনির্বাচিত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এ দিন সকালে অগ্নিমিত্রা দফতরের আধিকারিকদের নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে ওয়ার্ডে গিয়ে রোগীদের শয্যার নীচে ব্যবহৃত সিরিঞ্জ, তুলো, আবর্জনা পড়ে থাকতে দেখে রেগে যান তিনি। কেন সেগুলি ওই ভাবে পড়ে আছে, জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। মন্ত্রী বলেন, ‘‘বেসরকারি হাসপাতালে যাওয়ার ক্ষমতা নেই, তাই সরকারি হাসপাতালে আসতে বাধ্য বলে এমন অবস্থায় থাকতে হবে? এ সব চলবে না।’’

এর পরেই ওয়ার্ডের বাইরে বারান্দায় গিয়ে দলা পাকানো চাদর, গ্লাভস পড়ে থাকতে দেখেন অগ্নিমিত্রা। তাতে ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের এক আধিকারিককে তিনি বলেন, ‘‘এগুলি কী? এ ভাবে কেন পড়ে রয়েছে? এখনই পরিষ্কার করতে বলুন।’’ এক স্বাস্থ্যকর্তার কথায়, ‘‘কেন আবর্জনা, ব্যবহৃত জিনিস ওয়ার্ডে পড়ে ছিল, তা নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Agnimitra Paul West Bengal government Urban Development Minister garbage dump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy