E-Paper

চাপ কমাতে কলকাতা স্টেশনে কমছে লোকাল

বর্তমানে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিয়ালদহ ডিভিশনের ওই টার্মিনাল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। তাই দিনের মধ্যে ঘণ্টা ছয়েক কম ব্যস্ত সময়ে কলকাতা স্টেশন থেকে লোকাল ট্রেন চালাবে না রেল।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৮:৪৫

—প্রতীকী চিত্র।

উৎসব, পার্বণ ছাড়াও বিভিন্ন কারণে বিশেষ ট্রেন চালানোর প্রয়োজন হলে শিয়ালদহ ডিভিশন প্রায়ই ওই সব ট্রেন কলকাতা স্টেশন থেকে চালায়। এ ছাড়াও ওই স্টেশন থেকে এখন একাধিক দৈনিক ট্রেন এবং চক্র রেলের লোকাল ট্রেন চালানো হয়। অতীতে ওই স্টেশন থেকে মূলত সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক ট্রেন ছাড়ত।

বর্তমানে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিয়ালদহ ডিভিশনের ওই টার্মিনাল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। তাই দিনের মধ্যে ঘণ্টা ছয়েক কম ব্যস্ত সময়ে কলকাতা স্টেশন থেকে লোকাল ট্রেন চালাবে না রেল। ওই স্টেশনের উপর থেকে চাপ কমাতে চক্র রেলের ১৮.৪ কিলোমিটার পথে ট্রেন চলাচলের সূচি এবং রুটের বিশেষ পুনর্বিন্যাস করা হচ্ছে। এত দিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কলকাতা স্টেশন থেকে লোকাল ট্রেন চলাচল করত। এ বার থেকে বেলা ১১টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত কলকাতা স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। এই সময়ে সমস্ত লোকাল ট্রেন কাছাকাছি টালা স্টেশন থেকে ছাড়বে। ওই স্টেশনের দূরত্ব কলকাতা স্টেশন থেকে ৩০০ মিটার। এর ফলে কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেশি সংখ্যক দূরপাল্লার ট্রেন চালানো যাবে। পাশাপাশি, ওই স্টেশনের দুই, তিন, চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের উপরেও চাপ কমবে।

এর জন্য মাঝেরহাট এবং টালার মধ্যে একটি নতুন লোকাল ট্রেন চালু হবে। এ ছাড়া, বি বা দী বাগ এবং শিয়ালদহের মধ্যে চলা একটি লোকাল ট্রেন টালা থেকে ছেড়ে মাঝেরহাট হয়ে শিয়ালদহ যাবে। বি বা দী বাগ থেকে যে হাবড়া লোকাল চলত, সেটি বালিগঞ্জ, কাঁকুড়গাছি হয়ে বনগাঁ পর্যন্ত যাবে। মাঝেরহাট-নৈহাটি এবং মাঝেরহাট-বারাসত লোকাল চক্র রেলপথ ধরে ছোটার পরিবর্তে বালিগঞ্জ, কাঁকুড়গাছি হয়ে চলবে। ব্যস্ত সময়ে মাঝেরহাট-বনগাঁ লোকাল বারাসত পর্যন্ত চলবে। নৈহাটি-বালিগঞ্জ লোকাল বালিগঞ্জের পরিবর্তে বি বা দী বাগ পর্যন্ত চলবে। আরও একটি লোকাল ট্রেন (৩০১১১) বালিগঞ্জের পরিবর্তে বি বা দী বাগ থেকে ছাড়বে।

দুপুরের দিকে মাঝেরহাট-বারাসত, হাবড়া-মাঝেরহাট এবং মাঝেরহাট-দত্তপুকুর লোকালের চলাচল ব্যাহত হতে পারে নয়া ব্যবস্থায়। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, ‘‘কলকাতা স্টেশনকে আরও ভাল ভাবে ব্যবহার করতেই এই সিদ্ধান্ত।’’ যাত্রীদের একাংশের মতে, রুট পুনর্বিন্যাসের ফলে নদী তীরবর্তী রেলপথের গুরুত্ব কমে যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Railways

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy