মহরম ও ডব্লিউবিসিএস পরীক্ষার দিন অতিরিক্ত মেট্রো চালাবে রেল। বুধবার কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। মহরম উপলক্ষে শুক্রবার চলবে ১৭২টি ট্রেন। অন্য দিকে আগামী রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য ১১২টি ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার মহরমের দিন কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১৬৫টি ট্রেন। সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে আট মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। সকালের প্রথম ট্রেন চলবে ৮টায়। অন্য দিকে শেষ ট্রেন চলবে রাত ৯টায়।
আগামী রবিবার কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ১১১টি ট্রেন চলবে। সকাল ১০টায় প্রথম মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় রাত ৯টা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী ছাড়া ডব্লিউবিসিএস পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা ট্রেনে চাপতে পারেন। তবে তার জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার্থীর আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। অবশ্য টোকেন নয়, এক মাত্র স্মার্টকার্ড থাকলেই ওঠা যাবে ট্রেনে।
আরও পড়ুন:
সেই সঙ্গে শনিবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে শনিবার ১০৪টি ট্রেন চলত সেখানে আগামী শনিবার থেকে ১৭২টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান এবং শুরু ও শেষ ট্রেনের সময় একই রয়েছে। তবে শুধুমাত্র মেট্রো কর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ট্রেনে উঠতে পারবেন।