কখনও রাজ্যপাল, কখনও ভিন্ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিচয়ে বিভিন্ন মন্ত্রীকে সাবলীল ভাবে ফোন করে হিন্দিতে কথা বলতেন বছর ছাব্বিশের যুবক। বিগত দিনে এই অভিযোগে তাঁর বিরুদ্ধে ভিন্ রাজ্যে মামলা হলেও পরিচয় ভাঁড়িয়ে ফোন করা বন্ধ করেননি তিনি। এ বার ময়ূরেশ্বরের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রীকে রাজ্যপাল পরিচয়ে ফোন করার অভিযোগে ওই যুবককে আটক করল বালি থানার পুলিশ।
পুলিশ জানায়, বালির রামনবমীতলা লেনের বাসিন্দা ওই যুবকের নাম অভিজিৎ মণ্ডল। সূত্রের খবর, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে ফোন করে রাজ্যপাল আর এন রবি পরিচয় দিয়ে ওই যুবক জানান, অভিজিৎ মণ্ডল নামে এক জন যাবেন। মন্ত্রী যেন তাঁর কথা শুনে ব্যবস্থা নেন। এর আগে পুরমন্ত্রীকেও কয়েক বার ফোন করেছিলেন অভিজিৎ। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পরিচয়ে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও ফোন করেছিলেন তিনি। অভিজিতের বিরুদ্ধে তেলঙ্গানায় দু’টি, বনগাঁয় একটি এবং বালি থানায় চারটি অভিযোগ রয়েছে।
পুলিশ জেনেছে, ইন্টারনেট থেকে মন্ত্রীদের নম্বর জোগাড় করে অভিজিৎ ফোন করতেন। তবে অভিযুক্তের দাবি, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার বার ফোন করলেও মমতা ধরেননি। অষ্টম শ্রেণি পাশ অভিজিতের দাবি, এ ভাবে তিনি চাকরির চেষ্টা করছিলেন। যুবকের বাবা অজিত বলেন, ‘‘ছেলের মানসিক সমস্যার চিকিৎসা চলছে। কিন্তু কিছু করতে পারছি না।’’ মনোরোগ চিকিৎসক সুজিত সরখেল বলেন, ‘‘রোগীকে না দেখে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়। তবে ওই যুবক বাইপোলার ডিজ়অর্ডারে আক্রান্ত বলে মনে হচ্ছে।’’ এই সমস্যায় নিজের ক্ষমতার থেকে বাড়িয়ে বলার প্রবণতা তৈরি হয় বলে জানাচ্ছেন সুজিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)