Advertisement
E-Paper

খামেনেইকে বিদায়! কান্নায় ভেঙে পড়লেন ইরানের নেতারা, পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান হাজির, শেষকৃত্যে দিল্লির প্রতিনিধি দুই

ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি গিয়েছেন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে। রয়েছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৯:০৮
আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে কান্না ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফের, পাশে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্যেরা।

আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে কান্না ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফের, পাশে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও অন্যেরা। ছবি: ভিডিয়ো থেকে।

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেশের নেতৃবৃন্দ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফকে প্রকাশ্যেই কাঁদতে দেখা গিয়েছে শুক্রবার। অন্যদেরও চোখ ভিজেছে প্রিয় নেতাকে বিদায় জানাতে গিয়ে। খামেনেইয়ের শেষকৃত্যে পাকিস্তান থেকে একাধিক নেতা-মন্ত্রী গিয়েছেন। রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ, সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত থেকে দু’জন প্রতিনিধিকে ওই অনুষ্ঠানে পাঠানো হয়েছে— কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফ্‌টেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন।

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে খামেনেইয়ের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ওই পোস্টে কয়েক জন ভারতীয় নেতার শ্রদ্ধাজ্ঞাপনের ছবি রয়েছে। জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কংগ্রেস নেতা সলমন খুরশিদকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে সেই ছবিতে।

ইরানের সংবাদসংস্থা ফার্স নিউজ়ের রিপোর্ট অনুযায়ী, তেহরানের গভর্নর জানিয়েছেন, খামেনেইয়ের শেষযাত্রায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা এবং সুরক্ষার বন্দোবস্ত থাকবে। শনিবার ঠিক সকাল ৬টায় খুলে দেওয়া হবে তেহরানের প্রার্থনাস্থলের দরজা। তার পর থেকে সাধারণ মানুষ প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। খামেনেইয়ের শেষযাত্রা উপলক্ষে বাগদাদ শহর সম্পূর্ণ বন্ধ থাকবে।

খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানও। এ ছাড়া, তুর্কমেনিস্তান, রাশিয়া, ইরাক, আর্মেনিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ, ওমান, উজ়বেকিস্তান, আজ়ারবাইজান, বেলারুস, কিরঘিস্তানের পার্লামেন্টের স্পিকার, নিকারাগুয়া এবং কঙ্গোর বিদেশমন্ত্রী, মিশরের সেনেটের প্রেসিডেন্ট খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে রয়েছেন। তুরস্ক, সৌদি আরব এবং আরও অনেক দেশ প্রতিনিধি পাঠিয়েছে ইরানে। তেহরান জানিয়ে দিয়েছে, যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইজ়রায়েলের আগ্রাসনকে সমর্থন করেছে, তাদের খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

প্রাক্তন সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেড় থেকে দু’কোটি মানুষ রাজধানীতে জড়ো হতে পারেন বলে মনে করছে ইরান। প্রার্থনাস্থলে সেই অনুযায়ী বন্দোবস্ত করা হয়েছে। মাশহাদ শহরে খামেনেইকে সমাহিত করা হবে আগামী ৯ জুলাই।

Iran Ayatollah Ali Khamenei Tehran Funeral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy