Advertisement
E-Paper

ইউরোপের সঙ্গে আমেরিকাও পুড়ছে! তীব্র তাপপ্রবাহের জেরে রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, স্বাধীনতার ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কোপ

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, এই মুহূর্তে আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ তাপপ্রবাহের শিকার! বাতানুকূল যন্ত্রের অতিরিক্ত ব্যবহারের কারণে কিছু এলাকায় গ্রিড বিপর্যয় ঘটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১০:০৩
তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা।

তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা। ছবি: রয়টার্স।

ইউরোপ পুড়ছে। তা নিয়ে নিয়মিত খবরও হচ্ছে। এ বার খবরের শিরোনামে আমেরিকা। খলনায়ক সেই অত্যধিক গরম।

আমেরিকার মধ্য এবং পূর্বাঞ্চল জুড়ে আঘাত হেনেছে মারাত্মক তাপপ্রবাহ। যার ফলে শনিবার (৪ জুলাই) স্বাধীনতার আড়াইশো বছর উদ্‌যাপনের বহু অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অতিরিক্ত ব্যবহারের কারণে বিদ্যুৎ গ্রিডের উপর চরম চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ঘাটতি এড়াতে একাধিক জরুরি পদক্ষেপ করতে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারকে।

আমেরিকার অর্ধেকেরও বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কবার্তার আওতায় রয়েছেন। গ্রিড বিপর্যয়ের কারণে বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন! রাজধানী ওয়াশিংটন ডিসি, অন্যতম প্রশাসনিক কেন্দ্র নিউ ইয়র্কও রয়েছে এই তালিকায়। ঘটনাচক্রে, ১৭৭৬ সালের ৪ জুলাই গ্রেট ব্রিটেনের থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল আমেরিকার ১৩টি উপনিবেশ। টমাস জেফারসনের মূল খসড়ায় এবং কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রের সেই ঐতিহাসিক ক্ষণ উদ্‌যাপনের জন্য রাজধানী ওয়াশিংটন-সহ আমেরিকার সব গুরুত্বপূর্ণ শহরে শোভাযাত্রা, কনসার্ট, আলোচনাসভা, আতশবাজির প্রদর্শনীর মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

কিন্তু তাপপ্রবাহ ও গ্রিড বিপর্যয়ের জেরে মধ্য ও পূর্ব আমেরিকার অনেক এলাকাতেই তা বাতিল করা হয়েছে। প্রচণ্ড গরমের জেরে স্থগিত হওয়া অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে, ওয়াশিংটনের ন্যাশনাল মলের ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। সেখানে হাজির থাকার কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বস্তুত, ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গত ২৫ জুন সেখানে শুরু হওয়া মেলা এবং ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচির উদ্বোধনও করেছিলেন ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় সেই মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানপর্ব বন্ধ করে দেওয়া হয়। সে সময় ওয়াশিংটনের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ওয়াশিংটনে একাধিক শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও তার সবই বাতিল করা হয়েছে।

চলতি সপ্তাহের গোড়ায় ‘হিট ডোম’ নামে চিহ্নিত একটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হওয়ার কারণে মধ্য-পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। তার প্রভাবে বিদ্যুৎ গ্রিডের উপরেও চাপ সৃষ্টি করে। কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। মধ্য-আটলান্টিক, দক্ষিণাঞ্চল এবং ওয়াশিংটন, ডিসি এলাকায় ৬ কোটি ৭০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া আমেরিকার বৃহত্তম বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম জরুরি বিদ্যুৎ-সাশ্রয় কর্মসূচি ঘোষণা করে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দেয়। নিউ ইয়র্ক প্রশাসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। তবে নিউ ইয়র্ক শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকা সত্ত্বেও, পপ তারকা টেলর সুইফ্‌ট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উদ্‌যাপন উপলক্ষে ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের বাইরে প্রচণ্ড গরমে ফুটপাথে ভিড় করেন কয়েক হাজার ভক্ত।

Us Weather Heat Wave Indipendence Day Special Heatwave Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy