Advertisement
E-Paper

কলকাতায় বৃষ্টি! ৬০ কিমি বেগে ঝড় হতে পারে দক্ষিণের চার জেলায়, বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস অন্যত্রও

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। পশ্চিম বিহারেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৫:৪৬
কলকাতার কিছু অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বুধবার বিকেলে।

কলকাতার কিছু অংশে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বুধবার বিকেলে। —ফাইল চিত্র।

সকাল থেকে রোদের দাপট ছিল অন্যান্য দিনের মতোই। তবে বিকেলের পর থেকে হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সমগ্র উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে।

বুধবার বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলিতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি ঝড়বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পুরুলিয়াতেও। শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

ঝড়বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে।

উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হবে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরের এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে চলবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া।

বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।

Kalbaishakhi Weather Alert Weather Today Weather Forecast Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy