E-Paper

বাণিজ্যিক গ্যাসের দামে লাফ, ফিরে আসছে উনুন

এ রাজ্যে ভোট-পর্ব মেটার পরেই শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩২০২ টাকা।

মিলন হালদার

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০৮:৩২
খাবারের দোকানে গ্যাসের বদলে উনুনে রান্না হচ্ছে। শুক্রবার, ডেকার্স লেনে।

খাবারের দোকানে গ্যাসের বদলে উনুনে রান্না হচ্ছে। শুক্রবার, ডেকার্স লেনে। নিজস্ব চিত্র ।

ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধের জেরে কলকাতা শহরে রান্নার গ্যাসের সিলিন্ডারের সঙ্কট দেখা দেওয়ায় বিপাকে পড়েছিল শহরের হোটেল-রেস্তরাঁগুলি। সেই সমস্যা কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল। এ বার খাবারের দোকানের মালিকদের উপরে নেমে এসেছে বাণিজ্যিক গ্যাসের বিপুল দাম বৃদ্ধির খাঁড়া। বাণিজ্যিক সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধি সামলে কী ভাবে দোকান চালাবেন, তা ভেবে হিমশিম খাচ্ছেন শহরের ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। কয়লার দিকে ঝুঁকে, খাবারের দাম বাড়িয়ে— এই সমস্যা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

এ রাজ্যে ভোট-পর্ব মেটার পরেই শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩২০২ টাকা। তাই অফিসপাড়ার ডেকার্স লেনের বিখ্যাত ‘চিত্তবাবুর দোকান’ গ্যাসের বিকল্প হিসাবে জোর দিচ্ছেন কয়লার উপরে। দোকানের তরফে বুবাই পণ্ডিত বললেন, ‘‘ইতিমধ্যেই ছয় মণ কয়লা তুলে নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের সময়ে গ্যাসের সঙ্কটের কারণে সাতটি কয়লার উনুন বানানো হয়েছিল। উনুনগুলিতে পরে আর রান্না হত না। কাল থেকে বেশ কয়েক দিন ওই সব উনুনে রান্না হবে। তার পরে অবস্থা বুঝে ব্যবস্থা।’’

সকাল থেকে রাত পর্যন্ত নানা পদ পাওয়া গেলেও চিত্তবাবুর দোকানের বিখ্যাত দু’টি পদ, চিকেন স্টু এবং ফিশ ফ্রাই। ইরান যুদ্ধের সময়ে চিকেন স্টুর দাম ১০ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল। ফিশ ফ্রাইয়ের দাম ৯০। তবে, খাবারের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানান বুবাই।

পাশেই তখন ফিশ ফ্রাইয়ে কামড় বসাচ্ছিলেন বিট্টু চট্টোপাধ্যায় নামে এক তরুণ। তারাপীঠের বাসিন্দা বিট্টু দুই বন্ধুর সঙ্গে কলকাতায় কাজে এসেছেন। জানালেন, কলকাতায় এলেই ফিশ ফ্রাই, চিকেন স্টুর টানে ছুটে আসেন চিত্তবাবুর দোকানে। কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি সামাল দিতে যদি এই দু’টি পদের দাম বাড়ানো হয়? বিট্টুর জবাব, ‘‘অসুবিধা হবে। কিন্তু এই চিকেন স্টু আর ফিশ ফ্রাই না খেয়ে থাকতে পারব না!’’

বি বা দী বাগ চত্বরের খাবারের দোকানের মালিক মনওয়ার আলম সাফ জানিয়ে দিচ্ছেন, প্রতিটি খাবারের দাম ২০ টাকা করে বাড়ানো হবে। তাঁর দোকানে পরোটা, চাঁপ, মাটন এবং চিকেন বিরিয়ানি-সহ নানা খাবার পাওয়া যায়। আলম বলেন, ‘‘ক্রেতাদের অসুবিধা হবে। কিন্তু আমরা নিরুপায়।’’

২৮ বছর ধরে বেন্টিঙ্ক স্ট্রিটে ফাস্ট ফুডের দোকান চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা গৌরহরি বেরা। বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় হাজার টাকা বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর। বাড়িতে স্ত্রী-সন্তান, বাবা রয়েছেন। তিনিই একমাত্র রোজগেরে। গৌরহরি তাই বলছেন, ‘‘যে ভাবেই হোক, দোকান চালাতে হবে। না হলে বাড়ির লোককে খাওয়াব কী?’’ তবে, ‘যে ভাবেই হোক’ বলতে কী ভাবে, তা এখনও জানেন না গৌরহরি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Commercial Gas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy