E-Paper

সুমারির দ্বিগুণ হকার নিউ টাউনে, দ্রুত দেওয়া হবে নোটিস

নিউ টাউনের পরিচালনকারী দুই সংস্থা হিডকো ও এনকেডিএ সূত্রের খবর, হকারদের প্রতিস্থাপন ও পুনর্বাসনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কিন্তু সমস্যা অন্যত্র।

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৭:৫২
নিউ টাউনে এত বিপুল সংখ্যক হকারের ভবিষ্যৎ কী, তা নিয়ে স্থানীয় প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা।

নিউ টাউনে এত বিপুল সংখ্যক হকারের ভবিষ্যৎ কী, তা নিয়ে স্থানীয় প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা। ছবি: সংগৃহীত।

দু’বছর আগে হকার সুমারিতে দু’হাজারেরও বেশি হকারের খোঁজ মিলেছিল নিউ টাউনে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় পাঁচ হাজারে দাঁড়িয়েছে বলে ধারণা প্রশাসনের। ইতিমধ্যে রাজ্যে রেলের জমি হকারমুক্ত করার অভিযান ঘিরে সমালোচনার মুখে পড়েছে সদ্য নির্বাচিত বিজেপি সরকার। এমতাবস্থায় নিউ টাউনে এত বিপুল সংখ্যক হকারের ভবিষ্যৎ কী, তা নিয়ে স্থানীয় প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) সূত্রের খবর, এক-দু’দিনের মধ্যে সেখানকার হকারদের নোটিস দেওয়া শুরু হতে পারে।

নিউ টাউনের পরিচালনকারী দুই সংস্থা হিডকো ও এনকেডিএ সূত্রের খবর, হকারদের প্রতিস্থাপন ও পুনর্বাসনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কিন্তু সমস্যা অন্যত্র। গত দু’বছরে হকারের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ার পিছনে এক শ্রেণির লোকের অসাধু উদ্দেশ্য অনেকটা দায়ী। আধিকারিকেরা জানান, অনেক হকারকে অতীতে বিভিন্ন বাজারে পুনর্বাসন দেওয়া হয়েছিল। অথচ, পরে তাঁরা সেই সব দোকান ভাড়া দিয়ে ফের রাস্তায় ব্যবসা করছেন। এক ব্যক্তির এমন একাধিক দোকানের খোঁজ মিলেছে বলে দাবি প্রশাসনের। এই জট কাটাতে মরিয়া এনকেডিএ। কারণ, এক ব্যক্তি একাধিক দোকানের পুনর্বাসন পাবেন না।

সূত্রের খবর, হকারদের নোটিস দিয়ে রাস্তা-ফুটপাত খালি করতে সাত দিন সময় দেওয়া হবে। তার পরে কী হবে, সেই সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়নি। হকারদের সঙ্গে আলোচনার পরিকল্পনাও করা হয়েছে। তবে ঘটনা যা-ই হোক, বিগত শাসকদলের স্থানীয় স্তরের নেতাদের কর্মকাণ্ডকেই দুষছেন আধিকারিকেরা।

সরকারি সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি দফতরের সমীক্ষা থেকে ২০২৪ সালে নিউ টাউনের ২৮টি জায়গায় দু’হাজারেরও বেশি হকারের হদিস মেলে। সূত্রের খবর, ওই গণনার পরে হকারদের পুনর্বাসনের জন্য হিডকোর কাছে জায়গা চেয়েছিল এনকেডিএ। কিন্তু তার পরে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরিকল্পিত শহরে হকারদের দাপাদাপি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ পায় এনকেডিএ এবং হিডকো।

নিউ টাউনে হকারদের বাড়বাড়ন্তে অভিযোগের আঙুল উঠেছে পূর্বতন শাসকদলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, রাস্তায় বসে ব্যবসার যথেচ্ছ অনুমতি দিয়েছেন তাঁরাই। দু’-এক বার হকার উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়া ছাড়াও নেতাদের বিরাগভাজনও হয়েছেন আধিকারিকেরা। ফলে হকার নিয়ন্ত্রণের কর্মকাণ্ড ধাক্কা খেয়েছে নিউ টাউনে।

প্রশাসন সূত্রের খবর, হকারেরা জায়গা খালি করতে রাজি হলে নিউ টাউনের বিভিন্ন বাজারে খালি থাকা দোকান তাঁদের জন্য মঞ্জুর করার কথা ভাবা হচ্ছে। এর বাইরে কোথায় কোথায় হকারদের পুনর্বাসন দেওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। একটি সূত্রের খবর, অ্যাকশন এরিয়া-১ এখন সম্পূর্ণ ভাবে জনবসতিপূর্ণ। সেখানে বাজারও পর্যাপ্ত। সেখানে নতুন করে হকার আর বসতে দেওয়া হবে না। তাই হকারদের জন্য ২ ও ৩ নম্বর অ্যাকশন এরিয়ায় জায়গার কথা ভাবা হচ্ছে। তবে সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে নিউ টাউন প্রশাসন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hawker Eviction New Town

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy