E-Paper

সংঘাত পুর কমিশনারের সঙ্গে, তাতেই কি বদলি পুর সচিব?

পুরসভার একটি সূত্র মনে করছে, এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর স্টেট গেজেটার্সের ওএসডি পদে বদলি করা হয়েছে পুর সচিবকে।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১০:৩৭
তিলজলায় চলল বুলডোজার।

তিলজলায় চলল বুলডোজার।

কলকাতার মেয়র ও পুরসভার কমিশনারের পারস্পরিক ‘দূরত্ব’ এখন পুর মহলে চর্চার বিষয়। এরই মধ্যে পুর সচিবের সঙ্গে পুর কমিশনারের ‘সংঘাত’ রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করল।

অভিযোগ, সম্প্রতি তিলজলায় বুলডোজ়ার চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় পুরসভার বিল্ডিং দফতর ও অ্যাসেসমেন্ট দফতরের তরফে নোটিস পাঠানো— এ সব বিষয়ে সম্পূর্ণ ‘অন্ধকারে’ ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। বরং, এ সবের তদারকি করেছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এমন অবস্থায় আজ, শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন বাতিল হওয়ায় নতুন করে জল্পনা ছড়িয়েছে।

পুরসভার একটি সূত্র মনে করছে, এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর স্টেট গেজেটার্সের ওএসডি পদে বদলি করা হয়েছে পুর সচিবকে। পুরসভার বর্তমান সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে থাকা কিশোরকুমার বিশ্বাসকে।

পুরসভা সূত্রের খবর, পুর কমিশনার স্মিতা পাণ্ডে বুধবার পুর সচিব স্বপনকুমার কুণ্ডুকে মাসিক অধিবেশন বাতিলের বিজ্ঞপ্তি জারি করতে বলেছিলেন। পুর সচিব তখন পুর কমিশনারকে বোঝান, আইন অনুয়ায়ী পুরসভার চেয়ারপার্সনের অনুমতি ছাড়া এ ভাবে মাসিক অধিবেশন বাতিল করা যায় না। মাসিক অধিবেশন ডাকা বা স্থগিত করার এক্তিয়ার একমাত্র চেয়ারপার্সনের।

পুর ও নগরোন্নয়ন সচিব খলিল আহমেদকে সব জানান পুর কমিশনার। এর পরেই বৃহস্পতিবার পুরসচিব স্বপনকুমার কুণ্ডুর বদলির নির্দেশ হয়। এ প্রসঙ্গে জানতে চেয়ে বৃহস্পতিবার পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে একাধিক বার ফোন করা হলে তা বেজে গিয়েছে। এসএমএস বা ওয়টস্যাপেও উত্তর মেলেনি।

প্রসঙ্গত বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে পুর কমিশনারের পাশাপাশি কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) দায়িত্ব সামলেছেন স্মিতা পাণ্ডে। সূত্রের খবর, নির্বাচনের দায়িত্ব পালনের সময় থেকে নানা কর্মকাণ্ড নিয়ে পুর সচিবের সঙ্গে তাঁর ‘সংঘাত’-এর সূত্রপাত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

tiljala

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy