শালিমার স্টেশন ও স্টেশন চত্বরে রেলের জমিতে থাকা অবৈধ দোকান বা দখলদারদের আজ,মঙ্গলবার উচ্ছেদ করা হবে বলে নোটিস দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলের তরফে দেওয়া এই নোটিস ঘিরে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়াল এলাকায়। উচ্ছেদের আশঙ্কায় এ দিন দফায় দফায় বিক্ষোভ দেখিয়ে রেল কর্তৃপক্ষকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করে যথাযথ পুনর্বাসন দেওয়ার আবেদন জানালেন হকারেরা। তবে রেলের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখাহচ্ছে কিনা, তা এ দিন সন্ধ্যা পর্যন্ত জানানো হয়নি।
সম্প্রতি শালিমার স্টেশন ও স্টেশন চত্বরে গড়ে ওঠা অবৈধ দোকান, গুমটি ২১ জুনের মধ্যে খালি করে দিতে নোটিস দেয় রেল। তাতে জানানো হয়, নিজে থেকে সরে না গেলে ২৩ জুন রেল প্রশাসনের তরফে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। কিন্তু সোমবার শালিমার স্টেশন চত্বরে গিয়ে দেখা গেল, কোনও দোকানদার এবং হকারেরাই তাঁদের জায়গা খালি করেননি। ফলে আজ, মঙ্গলবার সেখানে বুলডোজ়ারদিয়ে উচ্ছেদ করা হতে পারে।
এ দিকে উচ্ছেদের আশঙ্কায় এ দিন দুপুরে শালিমার স্টেশনের হকারেরা বিক্ষোভ দেখান। পাশাপাশি, রেল কর্তৃপক্ষের কাছে একটিস্মারকলিপিও জমা দেন তাঁরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া রাজেশকুমার সিংহ বললেন, ‘‘প্রথমত, যে নোটিস দেওয়া হয়েছে, সেখানে রেল কর্তৃপক্ষের কোনও স্বাক্ষর নেই। তা ছাড়া, কলকাতা হাই কোর্টের নির্দেশ আছে, আগামী ৩০ জুন পর্যন্ত কোনও রকম উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করলেও উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই তা করা যাবে। অথচ কী করে রেল কর্তৃপক্ষ বলছেন যে,তাঁরা ২৩ জুন উচ্ছেদ করবেন? এ কথাই আমরা স্মারকলিপি দিয়ে শালিমার স্টেশনের এরিয়া ম্যানেজারকে জানিয়েছি।’’
এ দিকে রেলের তরফে জানানো হয়েছে, স্মারকলিপিতে লেখা হকারদের দাবিদাওয়া খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)