E-Paper

ফিরেছেন পুরনো স্কুলে, উৎসশ্রীতে বদলির সুযোগের আর্জি শিক্ষকদের

২০১৬ সালে নতুন পরীক্ষার্থীদের পাশাপাশি বহু কর্মরত শিক্ষকও ফের এসএসসি দিয়েছিলেন। কারণ, তাঁদের স্কুল বাড়ি থেকে দূরে ছিল। তখন উৎসশ্রীর মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু ছিল না।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৮:৩৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

২০১৬ সালে এসএসসি পাশ করা চাকরিহারা যোগ্য শিক্ষক, যাঁরা আদালতের নির্দেশে পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন, তাঁরা ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন না। কারণ, নিয়মানুযায়ী চাকরিতে যোগ দেওয়ার পরে প্রথম পাঁচ বছর বদলির আবেদন করা যায় না। ওই শিক্ষকদের দাবি, এই নিয়মের কিছু পরিবর্তন করে তাঁদেরও উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ দেওয়া হোক।

কেন এমন দাবি? ২০১৬ সালে নতুন পরীক্ষার্থীদের পাশাপাশি বহু কর্মরত শিক্ষকও ফের এসএসসি দিয়েছিলেন। কারণ, তাঁদের স্কুল বাড়ি থেকে দূরে ছিল। তখন উৎসশ্রীর মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু ছিল না। ফলে, তাঁরা ভেবেছিলেন, নতুন করে পরীক্ষা দিয়ে যদি বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলি হয়ে আসা যায়। কিন্তু, ২০১৬ সালের এসএসসি-তে পাশ করলেও সেই প্যানেল বাতিল হয়ে যাওয়ায় তাঁরা সকলেই চাকরিহারা হয়ে পড়েন। এর পরে কোর্টের নির্দেশে তাঁরা পুরনো চাকরি ফিরে পান ঠিকই, কিন্তু তাঁদের অনেকেরই বাড়ি থেকে অনেক দূরের স্কুলে পুনর্নিয়োগ হয়। ফলে, স্কুলের দূরত্বের সমস্যাটা তাঁদের রয়েই যায়।

এমনই এক শিক্ষক অর্পণ বসু বললেন, ‘‘বাড়ির কাছে স্কুল পেতে ২০১৬ সালে এসএসসি দিয়েছিলাম, পাশও করি। কিন্তু প্যানেল বাতিল হওয়ায় ফের আদালতের নির্দেশে নতুন করে যোগ দিলাম। কিন্তু এ বার বাড়ি থেকে আরও দূরের স্কুলে পেয়েছি। এখন যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু হয়েছে, তাতেও অংশগ্রহণ করে বাড়ির কাছে আসতে পারব না। কারণ, নতুন করে চাকরিতে যোগ দেওয়ায় আমরা আরও পাঁচ বছর বদলির আবেদন করতে পারব না।’’ তাঁর মতে, ‘‘আমাদের সব দিক থেকেই লোকসান হয়ে গেল। তাই আমাদের উৎসশ্রীতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা কি ২০১৬ সালে এসএসসি পাশ করে মেধার পরিচয় দিয়ে অন্যায় করলাম? যদি এসএসসি-তে পাশ না করে পুরনো চাকরিটাই করে যেতাম, তা হলে তো উৎসশ্রীতে বদলির আবেদন করতে পারতাম।’’

আদালতের নির্দেশে ফের পুরনো চাকরিতে যোগ দেওয়া আর এক শিক্ষক বলেন, ‘‘স্কুলে যোগ দিই ২০০৭ সালে। আমার স্কুল ছিল পূর্ব বর্ধমানের একটি গ্রামে, বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরে। বাড়ির কাছাকাছি স্কুলেআসতে ২০১৬ সালে এসএসসি দিয়েছিলাম। কিন্তু সেই প্যানেল বাতিল হওয়ায় আমারও চাকরি যায়। আদালতের নির্দেশে স্কুলের চাকরি ফিরে পেলেও এ বারের স্কুল বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে, পুরুলিয়ায়। কিন্তু উৎসশ্রীর মাধ্যমে বদলির জন্য আবেদনের সুযোগ আমরা পাব না।’’

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘২০১৬ সালে এসএসসি পাশ করে যাঁরা পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন, তাঁদের স্কুলে যোগ দেওয়ার পরে পাঁচ বছরের মধ্যে বদলি না হওয়ার নিয়ম তুলে দিয়ে উৎসশ্রীতে আবেদন করার সুযোগ দেওয়া হোক। এই দাবি জানিয়ে শিক্ষা দফতরকে চিঠি লিখছি।’’ যদিও শিক্ষা দফতর সূত্রের খবর, এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Transfer WB Teachers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy