Advertisement
E-Paper

বাণিজ্যিক বরফ বন্ধ করতে উদ্যোগ

শুক্রবার পুরসভায় বরফের ব্যবহার নিয়ে একটি কর্মশালা হয়। সেখানে কলকাতার মেয়র, মেয়র পারিষদ (স্বাস্থ্য), রাজ্যের ফুড সেফটি কমিশনার-সহ হাওড়া, দক্ষিণ দমদম, মধ্যমগ্রাম পুরসভার প্রতিনিধি, বরফ প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও ভেজাল দফতরের কর্তারা ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০০:৫৩

বাণিজ্যিক বরফ তৈরি বন্ধ করতে চায় প্রশাসন। যে বরফ শুধু মাছ, আনাজ বা মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহার হওয়ার কথা, তা শরবতে মিশিয়ে বিক্রি হচ্ছে রাস্তায়। উদ্বিগ্ন পুরকর্তারা মনে করেন, ওই বরফ তৈরি বন্ধ হোক। খাওয়ার জন্য যে বরফ তৈরি হয়, তা দিয়েই সংরক্ষণ হতে পারে বলে মত তাঁদের। শুক্রবার পুরসভায় বরফের ব্যবহার নিয়ে একটি কর্মশালা হয়। সেখানে কলকাতার মেয়র, মেয়র পারিষদ (স্বাস্থ্য), রাজ্যের ফুড সেফটি কমিশনার-সহ হাওড়া, দক্ষিণ দমদম, মধ্যমগ্রাম পুরসভার প্রতিনিধি, বরফ প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও ভেজাল দফতরের কর্তারা ছিলেন।

মাসখানেক আগে শহরের সর্বত্র আখের রস ও শরবতে বাণিজ্যিক বরফ মেশানোর খবর পেয়ে অভিযান চালায় পুরসভা। জানা যায়, খাবারের বরফ (কিউব) থাকা সত্ত্বেও বাণিজ্যিক বরফই সরবত, আখের রসে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। পুর স্বাস্থ্য দফতরের এক চিকিৎসক জানান, বাণিজ্যিক বরফ খেলে জন্ডিস, ডায়েরিয়া-সহ অন্য রোগও হতে পারে। পুরসভা অভিযান চালালেও ভেজাল দমনে যে লোকবল দরকার, তা তাদের নেই।

সচেতনতা বা়ড়াতে দু’ধরনের বরফের রং আলাদা করার কথা ভাবে পুরসভা। এ দিন কর্মশালায় বরফ প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধি জানান, মাছ-মাংস সংরক্ষণে রঙিন বরফ ব্যবহৃত হলে তা খাবারেও মিশবে। যা শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই ওই পরিকল্পনা থেকে সরে গিয়ে রাজ্য এবং পুর প্রশাসন বাণিজ্যিক বরফ তৈরি বন্ধ করতে আগ্রহী। এ ব্যাপারে ফুড ইনস্পেক্টরদের যুক্তি, খাওয়ার বরফ (আইস কিউব) দিয়েই সংরক্ষণ হোক। বাণিজ্যিক বরফ আলাদা করে তৈরির প্রয়োজন নেই। খাবার বরফের আয়তন বাড়িয়ে তা করা যেতে পারে।

কিন্তু সেই পরিকল্পনা রূপায়িত করতে সারা দেশেই বাণিজ্যিক বরফ তৈরি বন্ধ করা দরকার। তা উল্লেখ করে অতীনবাবু বলেন, এ নিয়ে রাজ্য স্তরে একটি কমিটি করা হবে। সেই কমিটি পরবর্তী পদক্ষেপ করবে।

Commercial Ice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy