E-Paper

বৃদ্ধার মুখে স্প্রে করে লুটের অভিযোগ

কৌশিক চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর চুয়াত্তর বছরের মা আরতি দেবী বাড়ির একতলায় থাকেন। শুক্রবার গভীর রাতে তাঁর ঘরে কেউ ঢোকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ০৭:৪৫

—প্রতীকী চিত্র।

শহরে ফের প্রশ্নের মুখে প্রবীণদের নিরাপত্তা। এ বার ঘরের ভিতরে ঢুকে স্প্রে করে লুটের অভিযোগ উঠল গার্ডেনরিচের পাহাড়পুর রোডে। শনিবার ভোরের এই ঘটনায় মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ওই বাড়ির বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রের খবর, কৌশিক চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর চুয়াত্তর বছরের মা আরতি দেবী বাড়ির একতলায় থাকেন। শুক্রবার গভীর রাতে তাঁর ঘরে কেউ ঢোকে। এক সময়ে তিনি ছেলেকে বেল বাজিয়ে ডাকেন। কৌশিকের কথায়, ‘‘মা বলছে, ঘরে কেউ ঢুকেছিল। মায়ের মুখে কিছু একটা স্প্রে করা হয়েছিল। সেই কারণেই মা কিছুতেই নড়াচড়া করতে পারছিল না। মা জানায়, দোতলায় কেউ উঠেছিল।’’ তাঁর অভিযোগ, দোতলায় উঠে তিনি দেখেন, ঘরের দরজা ভাঙা। ভিতরে সমস্ত কিছু লন্ডভন্ড। অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকা নগদ ও বেশ কিছুটা সোনা চুরি গিয়েছে বাড়ি থেকে। সেই সোনার কত মূল্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে পুলিশ জেনেছে, যে ঘরে চুরি হয়েছে, সেখানে কৌশিকের জেঠিমা অশোকা চট্টোপাধ্যায় থাকেন। তিনি কয়েক দিন বাড়িতে ছিলেন না। চুরির পরে তিনি ফিরেছেন। তিনি বলেন, ‘‘ভেবেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। বাড়িতে থাকলে বাধা দিতাম। তাতে হয়তো খুন হয়ে যেতে হত। প্রচণ্ড আতঙ্কিত লাগছে।’’ একই দাবি কৌশিকেরও। তিনি পুলিশকে জানিয়েছেন, শুক্রবার অনেক রাত পর্যন্ত তাঁরা দোতলায় ছিলেন। অনেক রাতে তাঁরা তেতলায় যান। তাঁর কথায়, ‘‘মায়ের ঘরে গিয়ে মিষ্টি মিষ্টি কিছুর একটা গন্ধ পাচ্ছিলাম। নিশ্চয় ঘরে কিছু ছড়ানো হয়েছিল।মা নড়াচড়া করতে পারেনি। উঠে বাধা দিতে গেলে হয়তো মাকে আর পেতাম না।’’

লালবাজারের দাবি, ওই বাড়িতে প্রবেশের সম্ভাব্য সমস্ত রাস্তা দেখা হচ্ছে। কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Metiabruz police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy