Advertisement
E-Paper

৪০০০ কেজির ধাতব খুঁটি আছড়ে চিঁড়েচ্যাপ্টা গাড়ি! ঘটনাস্থলেই মৃত্যু সমাজবাদী পার্টির নেতার, প্রকাশ্যে ভিডিয়ো

একটি মোটা ধাতব থাম নেতার গাড়ির সামনের অংশে পড়তেই সেটি চিঁড়েচ্যাপ্টা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির দরজা ভেঙে নেতাকে উদ্ধারের চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

ছবি: সংগৃহীত।

গাড়ির উপর বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে মৃত্যু হল সমাজবাদী পার্টির এক নেতার। রবিবার উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি পেট্রল পাম্পের কাছে থাকা সুউচ্চ ধাতব স্তম্ভটি গাড়ির উপর ভেঙে পড়ালে মারা যান ৪৮ বছর বয়সি লালবাহাদুর যাদব নামের ওই নেতা। দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৬৫ ফুট উঁচু খুঁটিটির ওজন প্রায় চার হাজার কেজি। পেট্রল পাম্পের ঠিক সামনে একটি ক্রেন দিয়ে খুঁটিটি বসানোর কাজ চলছিল। হঠাৎই ক্রেনের দড়ি ছিঁড়ে যায়। ভারী খুঁটির কাঠামোটি সরাসরি লালবাহাদুরের সাদা এসইউভি গাড়ির উপর পড়ে। ব্যক্তিগত কাজে তিনি তাঁর গাড়িতে বাবুগঞ্জ থেকে প্রতাপগড় যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় লাল বাহাদুর তাঁর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ছিলেন।

ভিডিয়োয় দেখা গিয়েছে, মোটা ধাতব থামটি গাড়ির সামনের অংশে পড়তেই সেটি চিঁড়েচ্যাপ্টা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির দরজা ভেঙে নেতাকে উদ্ধারের চেষ্টা করেন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা লালবাহাদুরকে মৃত ঘোষণা করেন। লালবাহাদুর স্থানীয় পূর্ত দফতরের এক জন ঠিকাদার ছিলেন। এ ছাড়াও তাঁর একটি দেশি মদের দোকান ছিল। তিনি দু’বার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

দুর্ঘটনার পর পেট্রল পাম্পের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে খবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যস্ত সময়ে বিদ্যুতের খুঁটিটি পোঁতার কাজ চলছিল। ঝুঁকি কমাতে কাজটি খুব ভোরে বা গভীর রাতে করা যেতে পারত। ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটির ফলে স্থানীয়দের মধ্যে বিশৃঙ্খলা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Uttar Pradesh Samajwadi Party
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy