Advertisement
E-Paper

জালবন্দি চিতাবাঘকে মুক্ত করতেই তেড়ে এল বনরক্ষীর দিকে, প্রাণভয়ে দৌড় দিলেন কর্মী! কী ঘটল তার পর?

বনরক্ষী মাঠে শুয়ে থাকা প্রাণীটিকে উদ্ধার করতে এসেছিলেন। ঠিক তখনই কোনও সতর্কতা ছাড়াই, প্রাণীটি লাফিয়ে উঠে তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

উদ্ধারপর্ব চলার মাঝখানে এক বনকর্মীর দিকে তেড়ে এল চিতাবাঘ। ফাঁকা জায়গায় শুয়ে থাকা বন্যপ্রাণীটি হঠাৎ করেই তেড়ে আসে এক কর্মীর দিকে। আচমকা এই তেড়ে আসার ঘটনায় পিলে চমকে যাওয়ার জোগাড় হয় আশপাশে জড়ো হওয়া মানুষজনেরও। ভয় পেয়ে পিছিয়ে যান বনকর্মীও। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বনরক্ষী ধীরে ধীরে দূরে শুয়ে থাকা চিতাবাঘটির দিকে এগিয়ে আসছেন। প্রাণীটিকে উদ্ধার করতে এসেছিলেন তিনি। ঠিক তখনই কোনও সতর্কতা ছাড়াই, প্রাণীটি লাফিয়ে উঠে তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত তিনি পিছিয়ে এসে কোনও ক্রমে আক্রমণ থেকে রক্ষা পান। চিতাবাঘটির হঠাৎ নড়াচড়া দেখে বনকর্মী আতঙ্কিত হয়ে বিপরীত দিকে দৌড় দেন। চিতাবাঘটি মাঝপথে থেমে গিয়ে গর্জন করে ওঠে। চিতাবাঘের উদ্ধার পর্ব দেখতে আসা দর্শক এই দৃশ্য দেখে হেসে ওঠেন। ভিডিয়োয় দেখা গিয়েছে বনকর্মী ভয় কাটিয়ে উঠে নিজেকে সামলানোর চেষ্টা করছেন।

ভাইরাল হওয়া ভিডিয়ো কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল সে নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এক্স হ্যান্ডলে ‘ঘর কে কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘বনবিভাগ চিতাবাঘটিকে জালে আটকে রেখেছিল, কিন্তু সেই সময় চিতাবাঘটি হঠাৎ বনরক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ে।’’

ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা বনরক্ষীদের দায়িত্ব ও কাজের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘এই ভিডিয়োই প্রমাণ করে দিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণের কাজ কতটা ঝুঁকিপূর্ণ। সঠিক প্রশিক্ষণ এবং সুরক্ষা সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy