‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার মামলায় জড়িত সাগর শর্মা ও বিশাল গুপ্ত নামে দু’জনকে গ্রেফতার করল চেতলা থানার পুলিশ। শনিবার রাতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের আলিপুর মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হলে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।
পুলিশের দাবি, ১৩ জানুয়ারি প্রতারিত ব্যক্তি চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর আধার কার্ড এবং মোবাইলের সিম দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে অভিযোগে তাঁর কাছে ফোন আসে। জানানো হয়, ওই মামলায় সুপ্রিম কোর্টে তাঁর জামিন মঞ্জুর করানো হবে। জামিনের শুনানি বাবদ ৪৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। অভিযোগকারীর মোবাইলের সূত্রে তদন্তে নেমে পুলিশ বিশাল গুপ্ত নামে পার্ক স্ট্রিটের বাসিন্দা এক যুবকের হদিস পায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মোবাইল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেআইনি আর্থিক লেনদেনের হদিস মেলে। বিশালকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হাওড়ার বাসিন্দা সাগর শর্মা মারফত বিশালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছিল। তদন্তকারীদের দাবি, সাগর চক্রের মাথা। এর পরেই দু’জনকে গ্রেফতার করা হয়।
সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘দু’জনেই বেআইনি আর্থিক লেনদেনে লাভবান। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন।’’ অভিযুক্তদের আইনজীবী মহম্মদ ফুরকান আনসারি বলেন, ‘‘সরকারি আইনজীবী আদালতে নথি পেশ করছেন না। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)