E-Paper

যাত্রী হারানোর আশঙ্কা নিয়েও ধৈর্যের ‘পরীক্ষা’ বাসমালিক সংগঠনের

জ্বালানির বর্ধিত খরচ, বিমা ও রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান খরচ বৃদ্ধি, আগের সরকারের সময়ে আট বছর বেসরকারি বাসের ভাড়া না বাড়া— এমন একাধিক পদক্ষেপের কারণে শহরের গণপরিবহণ ব্যবস্থা এখন কার্যত কঙ্কালসার।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৬:২১

—প্রতীকী চিত্র।

আগামী মাস থেকে সরকারি বাসে নিখরচায় মহিলাদের সফরের ব্যবস্থা চালু হলে বেসরকারি বাস কি যাত্রী হারাবে? আপাতত এই প্রশ্ন ঘিরেই আশা এবং আশঙ্কায় বিভিন্ন বেসরকারি বাসমালিক সংগঠন। তার কারণ, স্কুল, বাজার, হাসপাতালের মতো এলাকা ছুঁয়ে চলে, এমন বিভিন্ন রুটে বেসরকারি বাসে এখন মহিলা যাত্রীর সংখ্যা থাকে গড়ে ৪০ থেকে ৬০ শতাংশ। সেই সঙ্গে, শহরের মধ্যে দূরত্ব একটু বেশি হলে মহিলাদের অনেকেই নিরাপত্তার কারণে বাসে সফর করাকেই অগ্রাধিকার দেন।

জ্বালানির বর্ধিত খরচ, বিমা ও রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান খরচ বৃদ্ধি, আগের সরকারের সময়ে আট বছর বেসরকারি বাসের ভাড়া না বাড়া— এমন একাধিক পদক্ষেপের কারণে শহরের গণপরিবহণ ব্যবস্থা এখন কার্যত কঙ্কালসার। এর মধ্যে সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় সফরের সুযোগ পেলে বেসরকারি বাসের যাত্রী হারানোর আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে।

তবে, এই আশঙ্কার কথা মাথায় রেখেও সরকারি উদ্যোগকে সরাসরি নেতিবাচক চোখে দেখছেন না বেসরকারি বাসমালিক সংগঠনের নেতৃত্ব। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম। ফলে সেখান থেকে শেখার সুযোগ থাকছে।’’ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘সরকারি বাস চলে, এমন রুটে বেসরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা কমতে পারে ঠিকই। তবে, এর বাইরে বেসরকারি বাসের রুট অনেক বেশি। ফলে তাদের জন্যও সম্ভাবনা খোলা থাকছে।’’

বাসমালিকদের একাংশের মতে, মহিলা যাত্রীদের নিখরচায় যাতায়াতের সুবিধা সার্বিক যাত্রী সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। তাঁদের বক্তব্য, মহিলা যাত্রীদের যাতায়াত বাড়লে তার হাত ধরে পরিবারের অন্য সদস্যদেরও যাতায়াতের প্রবণতা বাড়তে পারে। সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘সরকারের এই সিদ্ধান্তের ফলে সংযোগকারী বিভিন্ন রুটে যাত্রী বৃদ্ধি পেতে পারে। সে দিকে নজর রাখা জরুরি। নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’’

রাজ্যে বিভিন্ন পরিবহণ নিগম মিলিয়ে সরকারি বাস চলে দু’হাজারের কিছু বেশি। এর মধ্যে কলকাতা শহরে রাজ্য পরিবহণ নিগমের সহযোগী সংস্থাগুলি প্রায় ৬৫০ বাস চালায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম মিলিয়ে ওই সংখ্যা আরও দেড় হাজারের কাছাকাছি। সামগ্রিক ভাবে গোটা রাজ্যে সরকারি বাসে দৈনিক সফর করেন প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ যাত্রী। জুন মাস থেকে নতুন ব্যবস্থা চালু হলে যাত্রী সংখ্যা কী হারে বাড়ে, আপাতত সে দিকেই চোখ রাখছেন বাসমালিক সংগঠনের নেতৃত্ব।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bus Owners Public Transport

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy