Advertisement
E-Paper

WB Municipal Election 2022: ভোটের দিনের ‘বিশৃঙ্খলা’র পরে গণনা নিয়ে সতর্কতা

এ দিন বিধাননগর কলেজে গিয়ে দেখা যায়, রাস্তার দু’দিক টিনের বেড়া এবং লোহার গেট দিয়ে আটকে দেওয়ার কাজ চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪১
গণনা কেন্দ্রের বাইরে কড়া পুলিশি নিরাপত্তা। রবিবার, বিধাননগর কলেজের সামনে। ছবি: বিশ্বনাথ বণিক

গণনা কেন্দ্রের বাইরে কড়া পুলিশি নিরাপত্তা। রবিবার, বিধাননগর কলেজের সামনে। ছবি: বিশ্বনাথ বণিক

বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের নির্বাচনের ফল বেরোতে চলেছে আজ, সোমবার। সাত বছর পরে, গত শনিবার পুরভোট হয়েছে বিধাননগরে। আজ ভাগ্য নির্ধারণ হতে চলেছে ২০৩ জন প্রার্থীর।

বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রের খবর, সোমবারের ভোট গণনাকে কেন্দ্র করে বিধাননগর কলেজে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই স্ট্রং রুমে বন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য। শনিবার ভোটের দিন কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকবে, এমনটাই ঘোষণা করেছিল বিধাননগর পুলিশ। কিন্তু সে দিন সল্টলেক এবং রাজারহাটে দিনভর বাইকবাহিনী এবং বহিরাগতদের দাপাদাপি দেখা গিয়েছিল বলে অভিযোগ। ফলে প্রশ্ন উঠেছিল পুলিশের সক্রিয়তা নিয়েও।

এ দিন বিধাননগর কলেজে গিয়ে দেখা যায়, রাস্তার দু’দিক টিনের বেড়া এবং লোহার গেট দিয়ে আটকে দেওয়ার কাজ চলছে। কলেজের সামনে রাস্তার ওই ঘেরা অংশে চলছে পুলিশকর্মীদের মহড়া। কলেজের পাঁচতলায় যে অংশে ভোট গণনা হবে, সেই জায়গাটি তৈরি করা হচ্ছে। পুলিশ জানায়, ওই অংশে প্রার্থী এবং গণনা এজেন্ট ছাড়া কোনও দলেরই কর্মী-সমর্থকেরা ঢুকতে পারবেন না। রাজনৈতিক দলগুলির সমর্থকদের অপেক্ষা করতে হবে ওই ঘেরা অংশের বাইরে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর) সূর্যপ্রতাপ যাদব জানান, ৬০০ জনের বাহিনী গণনা কেন্দ্রের বাইরে ও ভিতরে একাধিক স্তরে বিন্যস্ত থাকবে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

বিধাননগরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার বিশ্বজিৎ পাঁজা জানান, সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। ওয়ার্ডপিছু গণনা হবে একটি টেবিলেই।

এ দিকে, গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলিও নিজেদের কর্মীদের নিয়ে কোথাও কোথাও বৈঠক করছে। সূত্রের খবর, শাসক দলের এক বরিষ্ঠ নেতা রবিবার নিউ টাউনে দলীয় কর্মীদের নিয়ে সোমবারের জন্য আলাদা ভাবে বৈঠক করেন। সেখানে তিনি নির্দেশ দেন, গণনা চলাকালীন কর্মীদের যে কোনও ধরনের প্ররোচনায় পা দেওয়া থেকে বিরত থাকতে হবে। গণনা শেষ হওয়া পর্যন্ত কেউ যাতে মেজাজ না হারান, তা নিয়েও কর্মীদের নির্দেশ দেন ওই নেতা।

উল্লেখ্য, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে দিকে দিকে অশান্তি ছড়িয়েছিল। বিধাননগরে বড় কিছু না ঘটলেও সংযুক্ত এলাকাগুলিতে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটে। কিন্তু পুরভোটের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের ঝামেলা বড় আকার ধারণ করার একটা আশঙ্কা থাকে। তাই শাসক দলের নেতৃত্ব নিচুতলার কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন, যে কোনও ধরনের গোলমাল এড়িয়ে চলতে।

WB Municipal Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy