Advertisement
E-Paper

প্রতারণা করে হাতিয়ে নেওয়া পাসপোর্ট উদ্ধার

বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার টোপ দিয়ে বেকার যুবকদের থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে পাততাড়ি গুটিয়েছে পার্ক স্ট্রিটের এক বেসরকারি সংস্থা। সোমবার পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই পাসপোর্ট উদ্ধার করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৪ ০৮:১১

বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার টোপ দিয়ে বেকার যুবকদের থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে পাততাড়ি গুটিয়েছে পার্ক স্ট্রিটের এক বেসরকারি সংস্থা। সোমবার পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই পাসপোর্ট উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ, ওই সংস্থার মাধ্যমে পাসপোর্টগুলি কোনও জঙ্গি সংগঠনের হাতে পৌঁছত। পাসপোর্ট জাল করে জঙ্গিরা ঢুকত এ দেশে। পুলিশ জানায়, সংস্থার মালিকেরা পলাতক।

পুলিশ জানায়, ১ মার্চ দমদমের এক যুবক অভিযোগ করেন, পার্ক স্ট্রিটের একটি সংস্থা বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে তাঁর থেকে কয়েক হাজার টাকা ও তাঁর বৈধ পাসপোর্ট নিয়ে রেখেছে। ওই যুবক সংস্থার অফিসে গিয়ে দেখেন, সেটি বন্ধ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশে চাকরি পাওয়ার লোভে শ’খানেকেরও বেশি যুবক ওই সংস্থা কর্তৃপক্ষকে টাকা দিয়েছেন। কর্তৃপক্ষ ওই যুবকদের বৈধ পাসপোর্টও জমা রেখেছেন।

এক পুলিশকর্তা জানান, এ দেশের বেশ কিছু সংস্থা এই ভাবে বিদেশে চাকরির লোভ দেখিয়ে বেকার যুবকদের পাসপোর্ট হাতিয়েছে। ওই সব পাসপোর্ট কয়েক হাত ঘুরে পৌঁছে যায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে। তারা পাসপোর্টে কারচুপি করে তাদের সদস্যদের এ দেশে ঢোকায় বলে লালবাজার সূত্রে খবর।

পার্ক স্ট্রিট থানা সূত্রের খবর, ১১৩ নম্বর পার্ক স্ট্রিটে ওই সংস্থার অন্য একটি অফিস রয়েছে। সোমবার সেই ঘরে হানা দেয় পুলিশ। তালা ভেঙে ঢুকে তল্লাশি চালিয়ে মেলে ৮৮টি পাসপোর্ট।

পুলিশ জানায়, ওই সব পাসপোর্ট থেকে ঠিকানা সংগ্রহ করে যুবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ দিন সন্ধ্যায় কয়েক জন যুবক পার্ক স্ট্রিট থানায় আসেন। তাঁরাও সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লিখিত ভাবে জানিয়েছেন বলে পুলিশের দাবি।

এ দিকে, অন্যের পাসপোর্টে নিজের ছবি লাগিয়ে বিদেশ যাওয়ার পথে অভিবাসন দফতরের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার, কলকাতা বিমানবন্দরে। ধৃতের নাম কৃষ্ণগোপাল মজুমদর। বাড়ি বাংলাদেশে। এ দিন এমিরেট্স-এর উড়ানে দুবাই ঘুরে কুয়েত যাওয়ার কথা ছিল তাঁর। পুলিশ জানায়, হাবরার বাসিন্দা শ্রীকৃষ্ণ ঘোষ নামে এক জনের পাসপোর্ট ছিল তাঁর কাছে।

pasport park street
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy