E-Paper

কেন্দ্রীয় বাহিনীর টহল নিয়ে রুট ম্যাপ চাইল লালবাজার

রাজ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। যা রবিবারের মধ্যে চলে আসতে পারে। অন্য দিকে, দ্বিতীয় দফায়, অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার কথা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সব ঠিকঠাক থাকলে রবিবার থেকেই কলকাতা পুলিশ এলাকায় চলে আসার কথা কেন্দ্রীয় বাহিনীর। তারা শহরের কোন কোন এলাকায় টহল দেবে, তা চূড়ান্ত করতে থানাগুলির কাছে রুট-ম্যাপ চাইল কলকাতা পুলিশের নির্বাচনী সেল। যা শুক্রবারের মধ্যে থানাগুলিকে পাঠাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরে টহলদারি এলাকা চূড়ান্ত হয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী সেই সব এলাকায় প্রতিদিন টহল দেবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রাজ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। যা রবিবারের মধ্যে চলে আসতে পারে। অন্য দিকে, দ্বিতীয় দফায়, অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার কথা।

লালবাজার সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, প্রথম দফায় ছত্তীসগঢ় থেকে ১২ কোম্পানি সিআরপিএফ কলকাতায় আসবে। তাদের পুরুলিয়া হয়ে শহরে আসার কথা। তাদের থাকার জন্য লালবাজারের তরফে ইতিমধ্যে বিভিন্ন স্কুল-কলেজ প্রস্তুত করা হচ্ছে। আজ, শনিবারের মধ্যে ওই প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। শুক্রবার ওই প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশকর্তারা।

এ দিকে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পরে তাদের সম্ভাব্য রুট মার্চ এবং টহল নিয়ে জেলার পুলিশ সুপার এবং নগরপালদের সঙ্গে শুক্রবার রাজ্য পুলিশের ডিজি বৈঠক করেন। সেখানে কার্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং রুট মার্চ করানোর কথা বলা হয়েছে। এর সঙ্গেই যাতে অহেতুক বাহিনীকে বসিয়ে রাখা না হয়, তা-ও দেখতে বলা হয়েছে পুলিশকর্তাদের। এক পুলিশকর্তা জানান, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে যাতে পুলিশ কাজ করে, সে দিকে জোর দিতে বলা হয়েছে।

অন্য দিকে, ফ্লাইং স্কোয়াড টিম (এফএসটি) এবং স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) তৈরির জন্য লালবাজারের তরফে থানাগুলির কাছে এক জন অফিসার এবং দু’জন কনস্টেবলের নাম চেয়ে পাঠানো হয়েছে। শুক্রবার রাতের মধ্যে ওই তালিকা পাঠাতে বলা হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই ওই দলগুলি কাজ শুরু করবে বলে সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Bengal Assembly Election 2026 Lalbazar central forces

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy