মঙ্গলবার ছিল দোল। আজ, বুধবার হোলি। এই উপলক্ষে বিভিন্ন অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় আজও কলকাতা মেট্রোর সব শাখায় ট্রেনের সংখ্যা কম
থাকবে। তবে, অন্যান্য দিনের মতো সকালে নির্ধারিত সময়েই শুরু হবে পরিষেবা।
উত্তর-দক্ষিণ মেট্রোয় সারা দিনে ২৭২টি ট্রেনের পরিবর্তে আজ চলবে ১৯৪টি ট্রেন। সকালে এবং রাতে দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম এবং অন্তিম মেট্রোর সূচি অপরিবর্তিত থাকলেও দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কিছুটা বাড়তে পারে। এ ছাড়া, আজ ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ড। খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার সুবিধার কথা ভেবে এসপ্লানেড থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম অভিমুখে দু’টি মেট্রো ছাড়বে। ওই দু’টি ট্রেন সব স্টেশনে থামবে। তবে, যাত্রীদের জন্য শুধুমাত্র এসপ্লানেড স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে।
আজ, বুধবার পূর্ব-পশ্চিম মেট্রোয় সারা দিনে ২২৮টি ট্রেনের পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে ১৮৬টি ট্রেন চলবে। এই মেট্রোর ক্ষেত্রেও সকালে এবং রাতে হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে প্রথম এবং অন্তিম মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।
নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথে সারা দিনে ১২০টি ট্রেনের পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে ৯২টি ট্রেন চলবে। জোকা-মাঝেরহাট মেট্রোয় সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো ৮৪টি এবং কবি সুভাষ-বেলেঘাটা মেট্রোয় ৬২টি ট্রেন চলবে। এই দুই মেট্রোপথে ট্রেনের সংখ্যা কমছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)