Advertisement
E-Paper

সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল! সপ্তাহান্তে কলকাতায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের তিন জেলায় অতি ভারী বর্ষণ

রাজ্যের উপরে রয়েছে অক্ষরেখা। পড়শি রাজ্য বিহারের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এই অক্ষরেখা, ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৭:৫০
সপ্তাহান্তে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

সপ্তাহান্তে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

উত্তরবঙ্গে ক্রমাগত ঝড়বৃষ্টি চলছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। সপ্তাহান্তে ঝড়বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তিন জেলায় হতে পারে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, মরসুমি অক্ষরেখা পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় রয়েছে। অন্য দিকে, পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসমের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা। সেই সঙ্গে পূর্ব বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এগুলির প্রভাবেই আগামী শুক্রবার সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। শনিবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে।


হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy