E-Paper

নন্দীগ্রাম পুনরুদ্ধারে অভিষেকের অস্ত্র উন্নয়ন

রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে সভায় নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছনোয় ক্ষমা চেয়ে নেন তিনি।

কেশব মান্না

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:২৮
রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবীত্র করের হয়ে ভোটের প্রচারে অভিষেক বন্দোপাধ্যায় ।

রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবীত্র করের হয়ে ভোটের প্রচারে অভিষেক বন্দোপাধ্যায় । ছবি : পার্থপ্রতিম দাস।

ভোটের দিন ঘোষণার পরেই এসেছিলেন। ভোটের আগেও শেষ রবিবাসরীয় প্রচারে নন্দীগ্রামে হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘তৃণমূল জিতলে নন্দীগ্রামে উন্নয়ন হবে, আর বিজেপি জিতলে শুধু ধর্ম হবে’।

রবিবার নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে সভায় নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছনোয় ক্ষমা চেয়ে নেন তিনি। তবে ভিড় দেখে অভিষেকের দাবি, ‘‘নন্দীগ্রামে তৃণমূল ২৫ হাজার ভোটে জিতবে।’’ স্থানীয় বিষয় নিয়ে তৃণমূলের ইস্তাহারে জেতার এক সপ্তাহের মধ্যে নন্দীগ্রাম-হলদিয়া যোগাযোগে হলদি নদীতে সেতুর প্রতিশ্রুতি রয়েছে। অবশ্য অভিষেক বলেছেন, ‘‘৫০ দিনের মধ্যে হলদির উপরে সেতু নির্মাণের শিলান্যাস করব।’’ সঙ্গে আশ্বাস, ‘‘আমার সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারকে যে ভাবে আগলে রেখেছি, নন্দীগ্রামকেও আগলে রাখব।’’ নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দু অধিকারীকে তাঁর কটাক্ষ, ‘‘জানুয়ারিতে সেবাশ্রয় শুরু করেছিলাম। তারপরে উনি স্বাস্থ্য শিবির করলেন। তাহলে আপনারা আসলের সঙ্গে থাকুন, নকলের সঙ্গে থাকবেন কেন!’’ একুশে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারানোর অভিযোগ করে অভিষেকের বার্তা, ‘‘এটা প্রতিশোধ, প্রতিরোধ, আর প্রতিবাদের ভোট।’’ বিজেপি ধর্ম ছাড়া রাজনীতি বোঝে না, এমন অভিযোগও করেন অভিষেক। তাঁর আরও দাবি, ‘‘এখানে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছেন খোদ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল।’’ শুভেন্দুর নির্বাচনী এজেন্ট তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল পাল্টা বলেন, ‘‘বিধায়ক শুভেন্দু অধিকারী কী উন্নয়ন করেছেন, তার পুস্তিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্র রেল প্রকল্পে ৩১৫ কোটি টাকা দিয়েছে। জেলিংহামে নতুন জাহাজ কারখানা হচ্ছে। উনি না জেনেই কথা বলছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nandigram Abhishek Banerjee TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy