Advertisement
E-Paper

টুকরো খবর

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার সকালে ওই ব্যক্তি ও তার বন্ধুকে খড়্গপুর থেকে গ্রেফতার করে মেদিনীপুর জেলা আদালতে হাজির করে টাউন পুলিশ। বিচারক ধৃত ওই ব্যক্তি ও তার বন্ধু শেখ রবিউলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাঁশকুড়া থানা এলাকার কনকপুর গ্রামের বাসিন্দা এক বধূ খড়্গপুর টাউন থানায় তাঁর স্বামী ও স্বামীর বন্ধু রবিউলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০০:২০

স্ত্রীকে ধর্ষণে মদত, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার সকালে ওই ব্যক্তি ও তার বন্ধুকে খড়্গপুর থেকে গ্রেফতার করে মেদিনীপুর জেলা আদালতে হাজির করে টাউন পুলিশ। বিচারক ধৃত ওই ব্যক্তি ও তার বন্ধু শেখ রবিউলকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাঁশকুড়া থানা এলাকার কনকপুর গ্রামের বাসিন্দা এক বধূ খড়্গপুর টাউন থানায় তাঁর স্বামী ও স্বামীর বন্ধু রবিউলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই বধূর দাবি, গত ১৩ মার্চ পাঁশকুড়ায় রবিউলের বাড়িতে নিয়ে যায় তাঁর স্বামী। সেখানেই স্ত্রীকে ধর্ষণে মদত দেয়। এর পর ওই বধূ খড়্গপুরের পাঁচবেড়িয়ায় বাপের বাড়িতে চলে আসেন। কিন্তু সে সময় বাপের বাড়িতে ঘটনার কথা কিছুই জানাননি। ১০ এপ্রিল রাতে তাঁর স্বামী ও রবিউল ওই বধূর বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। অভিযোগ সে দিন রাতে আবার রবিউল ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ওই বধূর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পরেই শনিবার ভোরে বধূ ও তাঁর বাপের বাড়ির লোকেরা পুলিশে অভিযোগ জানান। পুলিশ দু’জনকে খড়্গপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার সত্যতা খতিয়ে দেখছে টাউন পুলিশ।

Advertisement

ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষ, হলদিয়ায় মৃত ১
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষকের। রবিবার দুপুরে ভবানীপুরের কাষ্ঠখালি বড়পুলে ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনাটি ঘটে। মৃতের নাম শ্যামল বর্মন (৩৮)। মৃতের বাড়ি মহিষাদলের কেশবপুর জালপাই গ্রামে। তিনি যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের বি.এড বিভাগের শিক্ষক। এ দিন দুপুরে হলদিয়া থেকে মোটরবাইকে করে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় পাশের মাঠ থেকে মাটি ভর্তি একটি ডাম্পার ৪১ নম্বর জাতীয় সড়কে উঠছিল। ডাম্পারের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামলবাবুর। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের তুলে দেয়। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। ডাম্পারের চালক পলাতক। মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধান খেতে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি

ধান খেতের মধ্যে থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার মৃত দেহ। মারিশদা থানার বাড় কাশমিলি গ্রামের ঘটনা। শনিবার গভীর রাতে ধান খেতের মধ্যে ওই মৃতদেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে মৃতা মনমোহিনী তলা (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। তাঁর গলায় পরনের কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল, কপালে ও হাতে ছিল গভীর ক্ষত চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাঁকে খুন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মনমোহিনীদেবী মানসিক বিকারগ্রস্ত ছিলেন। প্রায়ই নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাঁদের প্রতিবেশী প্রাথমিক শিক্ষক প্রভাত কুমার মণ্ডল জানান, ‘‘পাশের গ্রামে পুজো দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথেই খেতের মধ্যে মৃতদেহ দেখতে পাই।’’

জমি বিলের প্রতিবাদে মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

কেন্দ্রীয় সরকারের জমি বিলের প্রতিবাদে মিছিল করল বামফ্রন্ট। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্টের ডাকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের সামনে থেকে শুরু হয়ে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার, সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। ছিলেন অনান্য শরিক দলের নেতারাও। ছাত্র, যুব, মহিলারা সংগঠনের সদস্যরাও মিছিলে যোগ দেন। বামেদের দাবি, কেন্দ্রীয় সরকারের জমি বিল জনস্বার্থবিরোধী। সরকার যে ভাবে সিদ্ধান্ত নিয়েছে, তাও অগণতান্ত্রিক।

শিক্ষকদের সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ৪১ তম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমিতির জেলা সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, জেলা সভাপতি উত্তমকুমার সাঁতরা প্রমুখ। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া নিয়েও আলোচনা হয়।

রেলের রেক পয়েন্ট চালুর দাবি, মিছিল

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় পাঁশকুড়ার হাউর রেল স্টেশনের কাছে রেলের রেকপয়েন্ট চালুর দাবি জানিয়ে এলাকায় মিছিল করল তৃণমূল কর্মী-সমর্থকরা। রবিবার বিকেলে ব্লক তৃণমূল ও দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর কয়েকশো সমর্থক হাউর রেল স্টেশন সংলগ্ন বাজারে মিছিল করে। পরে দুই সংগঠনের তরফে স্টেশন মাস্টারের কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপিও জমা দেন। এ দিন মিছিলে নেতৃত্ব দেওয়া তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তিকুমার জানা জানান, ৬ নম্বর জাতীয় সড়কের ধারে পাঁশকুড়ার রাতুলিয়ায় এক বছর আগে রাজ্য খাদ্য দফতরের একটি গুদাম চালু হয়েছে। ওই গুদামে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার জন্য রেশনের চাল মজুত করা হয়। পরবর্তী সময়ে চাল ছাড়াও গম, চিনি মজুত করা হবে। এখন মেদিনীপুর, খড়গপুর রেল স্টেশনের রেক পয়েন্ট থেকে সড়ক পথে ওই গুদামে খাদ্য সামগ্রী আনা হয়। তাঁদের দাবি, যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে রাতুলিয়া থেকে সড়ক পথে মাত্র আড়াই কিলোমিটার দূরে হাউর রেল স্টেশন দিয়ে ওই খাদ্য সামগ্রী নামানোর জন্য একটি রেক পয়েন্ট চালু করা হোক। দীপ্তিবাবু জানান, পাঁশকুড়া এলাকার হাউর রেল স্টেশন এলাকায় রেক পয়েন্ট তৈরির দাবি জানাতেই এ দিন মিছিল করা হয়েছে। এবিষয়ে রেল দফতরের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

পার্টি কংগ্রেসে জেলার ১১

সিপিএমের পার্টি কংগ্রেসে যোগ দিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ১১ জন। রবিবার রাতেই তাঁরা রওনা দিয়েছেন বিশাখাপত্তনমের উদ্দেশে। বৈঠক শুরু হবে কাল, মঙ্গলবার। চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। ছ’দিনের এই অধিবেশনে সব প্রস্তাব গৃহীত হওয়ার পরে দলের নতুন কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো গঠন হবে। দলীয় সূত্রে খবর, জেলা থেকে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক সরকার, দলের জেলা সম্পাদক তরুণ রায়, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্ত, ডহরেশ্বর সেন, বিজয় পাল, মহিলা নেত্রী তথা দলের জেলা কমিটির সদস্য গীতা হাঁসদা প্রমুখ সম্মেলনে যোগ দিচ্ছেন।

রজত জয়ন্তী বর্ষ

‘হলদিয়া আইওসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর রজত জয়ন্তী বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের সূচনা হল। রবিবার সকালে হলদিয়া টাউনশিপে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। এ দিন সন্ধ্যায় হলদিয়া টাউনশিপে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy