পূর্ব প্রায় ১৩ বছর মেদিনীপুর বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পদ থাকা আশিস লাহিড়ীকে সরানো হল। একদা লক্ষ্মণ শেঠের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আশিসবাবু। গত বছর মার্চে সিপিএম থেকে লক্ষ্মণবাবু বহিষ্কৃত হন। তার আগেই সিপিএমের জেলা কমিটির সদস্য আশিস লাহিড়ী প্রাথমিক সদস্য পদ নবীকরণ করেনি। ফলে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছেদ হয় তাঁরও। তাই এবার বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পদ থেকে আশিসবাবু বাদ পড়া রাজনৈতিকভাবেও তাৎপর্য বলে মনে করা হচ্ছে। আশিসবাবুর জায়গায় বিজ্ঞান মঞ্চের নতুন জেলা সম্পাদক হয়েছেন গতবারের জেলা সহ-সম্পাদক রবীন সামন্ত। তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে দুদিন ব্যপী বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনে শেষ হয়েছে রবিবার। বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণাভ মিশ্রের উপস্থিতিতে সংগঠনের নতুন জেলা সম্পাদক হিসেবে রবীন সামন্ত নির্বাচিত হয়েছেন। সংগঠনের জেলা সভাপতি পদে থাকা অর্ধেন্দু দাসের জায়গায় এসেছেন দুর্গাপদ দাস। সংগঠনের নতুন জেলা কমিটি রয়েছে ৫৬ জনের নাম। তাতেও আশিস লাহিড়ীর নাম নেই। রবীন সামন্ত বলেন, ‘‘আগের কমিটিতে যেসব সদস্য নিষ্ক্রিয় ছিলেন তাঁরা বাদ পড়েছেন। সংগঠনিক কাজে গতি আনা ও মহিলা সদস্যদের যুক্ত করার উপর জোর দেওয়ার নেওয়া হয়েছে।’’