পরীক্ষায় ভাল ফলের লক্ষ্যে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে৷ ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের এই প্রশিক্ষণ হবে বাংলা, ইংরাজী ও গণিত-এই তিনটি বিষয়ে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে এর জন্য বরাদ্দ হয়েছে ৩২ লক্ষ টাকা। জেলার ১০০ টি বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে এ বারের প্রকল্পে৷
জানা গিয়েছে, এই বিদ্যালয়গুলির নবম শ্রেণির মোট পড়ুয়া ১৮ হাজার ৭৯০ জন৷ প্রতিটি বিদ্যালয়ে ৭২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ইউনিট টেস্টের ফল অনুযায়ী প্রথমে পিছিয়ে পড়া ১০০ জনকে নির্বাচন করা হবে। তাদের একটি লিখিত পরীক্ষা নিয়ে ৭২ জনকে বেছে নেওয়া হবে। জেলা থেকে পরীক্ষার প্রশ্নপত্র নির্বাচিত বিদ্যালয়ে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, প্রতিটি বিষয়ের জন্য ১২ টি ক্লাস বরাদ্দ হয়েছে। প্রতিটি ক্লাসের জন্য শিক্ষকরা পাবেন ৫০০ টাকা করে। বিদ্যালয়ে সাধারণ ক্লাস শুরু হওয়ার আগে বা ছুটি হওয়ার পর অথবা ছুটির দিন ক্লাস হবে। শিক্ষকদের বেতন হিসাবে প্রতিটি স্কুল পাবে ১৮ হাজার টাকা৷ এছাড়া ব্যানার,ছাত্রদের পেন, টিফিন-সহ আনুষঙ্গিক খরচ হিসাবে মিলবে ১৪ হাজার ৬০০ টাকা।