পশ্চিম মেদিনীপুরের সবংয়ে দুর্ঘটনায় মৃত একজন। আহত বেশ কয়েক জন। সবং থানার চাঁদকুড়ি বাজারে দাঁড়িয়ে ছিল একটি লোহার রড বোঝাই লরি। তার পিছনে সজোরে ধাক্কা মারে সব্জি বোঝাই একটি পিকআপ ভ্যান। গুরুতর আহত তিন জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তেমাথানি–পটাশপুর রাজ্য সড়ক ধরে দশগ্রামের দিকে সবজি নিয়ে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। চাঁদকুড়ি বাজার এলাকায় পটাশপুরমুখী একটি লরি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে পিকাপ ভ্যানটি। দুমড়ে-মুচড়ে যায় সেই গাড়ির সামনের অংশ। ভ্যানের ভিতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম বিমল মান্না। তাঁর বয়স ৬৫ বছর। বিমলের বাড়ি ডেবরার বালিচক এলাকায়।
আরও পড়ুন:
আহতদের সবং গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান ও ট্রাক দু’টিকে আটক করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভ্যানের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা হতে পারে। তবে তদন্তকারীদের একাংশের অনুমান, ভ্যানের চালক ঘুমিয়ে পড়েছিলেন।