Advertisement
E-Paper

৮৮ কিলোমিটার গতিবেগে ঝড় কলকাতায়, রাজ্যে দুর্যোগে মৃত্যু আট জনের! চার লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা শুভেন্দুর

পূর্বাভাস ছিল। সেই মতো শুক্রবার দুপুর থেকে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। হালকা বৃষ্টির পাশাপাশি কোথাও ঝড়ের গতি ছিল ৬০ কিলোমিটার।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ২২:১২
শুক্রবারের ঝড়বৃষ্টিতে কলকাতায় রেললাইনের উপরে ভেঙে পড়েছে গাছ।

শুক্রবারের ঝড়বৃষ্টিতে কলকাতায় রেললাইনের উপরে ভেঙে পড়েছে গাছ। ছবি: পিটিআই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দুপুরে তাণ্ডব চালাল কালবৈশাখী। তাতে গোটা রাজ্যে প্রাণ হারালেন সাত জন। খাস কলকাতাতেই প্রাণ গিয়েছে দু’জনের। শুক্রবার রাতে আরও এক জনের মৃত্যুর খবর মেলে ঝাড়গ্রামে। আলিপুরে একটা সময়ে ঘণ্টায় দমকা ঝড়ের গতি ছিল ৮৮ কিলোমিটার। তার জেরে উপড়ে পড়েছে একের পর এক গাছ। বিঘ্নিত হয়েছে ট্রেন, এমনকি, বিমান পরিষেবা। রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পূর্বাভাস ছিল। সেই মতো শুক্রবার দুপুর থেকে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। হালকা বৃষ্টির পাশাপাশি কোথাও ঝড়ের গতি ছিল ৬০ কিলোমিটার। কোথাও তা ছিল ৭০ কিলোমিটার।

কলকাতায় মৃত দুই

ঝড়ের মধ্যে আউট্রাম ঘাটের কাছে আম কুড়োতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে চক্ররেলের ওভারহেড তার ছিঁড়ে পড়ে। তাতেই আগুন ধরে বিপত্তি। প্রাণ হারান যুবক। চেতলায় দেওয়াল ভেঙে প্রবীণকুমার ঠাকুর নামে এক ব‍্যক্তির মৃত‍্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রীতম্বর ঘটক লেনে একটি পাঁচিল তাঁর শরীরের উপরে ভেঙে পড়ে। তাঁকে এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নেতাজি নগরে গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন এক দম্পতি। এমআর বাঙুর হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ফোর্ট উইলিয়মের দক্ষিণ গেটের কাছে স্কুটারচালকের উপর গাছ ভেঙে পড়ে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুরুলিয়ায় মৃত তিন

বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে পুরুলিয়ায়। আহত হয়েছেন আরও দু’জন। পুরুলিয়ার সাঁতুড়ি থানা এলাকার বাসিন্দা চৈতন্য ধীবর (৫৬) শুক্রবার দুপুরে সাইকেলে চেপে যাচ্ছিলেন। তখন বাজ পড়লে গুরুতর আহত হন তিনি। তাঁকে মুরাডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি সাঁতুড়ি থানার কাঁকুড়কিয়ারি গ্রামে। অন্য দিকে, পুরুলিয়া মফস্‌সল থানার হুটমুড়ার বাসিন্দা শেখ ছুটু শুক্রবার দুপুরে বজ্রাঘাতে আহত হন। তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স ২৫ বছর। পুরুলিয়ার বরাবাজার থানার পলমা গ্রামের তিন বাসিন্দা বজ্রাঘাতে আহত হন। তাঁদের পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসক নিমাইচন্দ্র গরাই নামে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স ৪৬ বছর। আহত অবস্থায় পুরুলিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন প্রভাত মাহাতো এবং ডাক্তার গড়াই নামে আরও দু’জন।

পশ্চিম মেদিনীপুরে মৃত দুই

গোয়ালতোড় থানার আগরবাঁধ এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। মৃত দুই কিশোরের নাম রূপক চৈরা (১৫) এবং অয়ন গোস্বামী (১৫)। দু’জনেই নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েক জন কিশোর পিকনিক করছিল আগরবাঁধের জঙ্গলে। সেই সময় হঠাৎ করেই ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই ঘটনাস্থলে ওই দুই কিশোরের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য দেহ দু’টি পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঝাড়গ্রাম জেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম মুক্তিপদ পাল। তাঁর বয়স ৫৯ বছর। বাড়ি লালগড় থানার গোয়ালডাঙা গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হুগলিতে নিখোঁজ মৎস্যজীবী

চুঁচুড়া চাঁদনি ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন চক বাজারের দুই মৎস্যজীবী। মাঝগঙ্গায় নৌকা নিয়ে জাল ফেলার সময় হঠাৎ ঝড় ওঠে। নৌকা উল্টে যায়। অমিত মণ্ডল এবং খোকন মণ্ডল নামে দুই মৎসজীবী গঙ্গায় পড়ে যান। খোকন সাঁতরে তীরে উঠতে পারলেও অমিত তলিয়ে যান। ঝড়বৃষ্টি থামলে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত পর্যন্ত খোঁজ মেলেনি অমিতের।

দুর্যোগে ক্ষয়ক্ষতি

শুক্রবার দুপুরে ঝড়ের কারণে এক ঘণ্টার মতো কলকাতা বিমানবন্দরে বন্ধ ছিল বিমানের ওঠানামা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে লাইনে গাছ পড়ায় বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। রাত অবধি তা স্বাভাবিক হয়নি। ঝড়ে গাছ উপড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় ব্যান্ডেল-কাটোয়া শাখায়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের ৩৬টি জায়গায় গাছ পড়েছে। ময়দানে এসএসকেএমের কাছে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ার কারণে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়। গাছ ভেঙে পড়েছে রাসবিহারী, রবীন্দ্র সরোবর, নেতাজি নগর, টালিগঞ্জে, হরিশ মুখার্জি রোড, রিপন স্ট্রিট, পার্ক স্ট্রিট মল্লিক বাজার, এজেসি বোস রোডে। ওই রাস্তাগুলিতে যান চলাচল ব্যাহত হয়েছে। কলকাতা পুরসভা, জিএমজি, ফায়ার ব্রিগেড, পুলিশ মিলে গাছ সরিয়ে রাস্তা সচল করে। ঝড়ের দাপটে বেশ কয়েকটি হোর্ডিং, পোস্টার ছিঁড়ে পড়ে। উত্তর ও মধ্য কলকাতার কিছু এলাকায় জল জমে। চাঁদনি চক, ঠনঠনিয়ার রাস্তায় জল জমে যায়। সাউথ সিটি মলে কাচ ভেঙে জল ঢুকে আসে। দক্ষিণ কলকাতার ব্রিজি এলাকায় ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ছাদের একাংশ ভেঙে পড়েছে।

সিঙ্গুরের দিয়াড়াতে ১২ নম্বর রাজ্য সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে বৈদ্যবাটি-তারকেশ্বর ১২নম্বর রাজ্য সড়কের উপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ফলে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়েই সিঙ্গুর ব্লক প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেশিন দিয়ে গাছের ডাল কাটার কাজ শুরু করে। হুগলির বৈঁচিগ্রামে উপড়ে পড়েছে একটি প্রাচীন বটগাছ। বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জুট মিল কলোনিতে একটি অশ্বত্থ গাছ উপড়ে পড়েছে। ট্রেন চলাচল ব্যাহত ব্যান্ডেল-কাটোয়া শাখায়। শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ কাটোয়া রেল গেটের কাছে একটি গাছ ভেঙে পড়ে রেল লাইনে। তখন একটি আপ কাটোয়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছেড়ে যাচ্ছিল। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ওই শাখায় বন্ধ হয় ট্রেন চলাচল। প্রায় ৪৫ মিনিট পর গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মুখ্যমন্ত্রীর ঘোষণা

নবান্নের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত মোট সাত জনের মৃত্যুর খবর মিলেছে। ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। পাশাপাশি, মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করবে সরকার। তবে শুক্রবার রাতে ঝাড়গ্রামে আরও এক জনের মৃত্যুর খবর মিলেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy