E-Paper

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশীয় বাজারে ন্যাপথা সংগ্রহে নজর

জেলার শিল্পশহর হলদিয়ায় রয়েছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’ (আইওসি), হলদিয়া পেট্রক্যাম (এইচপিসিএল), ভারত পেট্রলিয়ামের (বিপিসিএল) মত বড় বড় শিল্পসংস্থা।

কেশব মান্না

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:১৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পড়তে পারে সুদূর প্রসারী। ইতিমধ্যে গ্যাস, জ্বালানী তেল নিয়ে চিন্তায় আমজনতা। তবে আমেরিকা-ইজ়রায়েল-ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের পেট্রো ক্যামিক্যালস সংস্থাগুলিরও চিন্তা বাড়তে পারে। জেলা শিল্পাঞ্চলে থাকা বড় বড় পেট্রো রসায়ন কারখানাগুলির তরফে জানানো হচ্ছে, শিল্পের উৎপাদনের উপর এখনই কোনও প্রভাব পড়বে না। তবে, অদূর ভবিষ্যতে যুদ্ধ অব্যাহত থাকলে তারা বিকল্প উপায়ে কাঁচামাল (ন্যাপথা) আমদানির কথা ভাবছে।

জেলার শিল্পশহর হলদিয়ায় রয়েছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’ (আইওসি), হলদিয়া পেট্রক্যাম (এইচপিসিএল), ভারত পেট্রলিয়ামের (বিপিসিএল) মত বড় বড় শিল্পসংস্থা। এরা হলদিয়া বন্দরের মাধ্যমে ইরান-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে হরমুজ় প্রণালীর মাধ্যমে জাহাজে ক্রুড অয়েল, এলপিজি, ন্যাপথার মতো সামগ্রী আমদানি করে।

হলদিয়া বন্দর সূত্রের খবর, বছরে প্রায় ৯০ লক্ষ টন লিকুইড কার্গো বন্দরের মাধ্যমে আমদানি করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি শিল্প সংস্থা। আর প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন এলপিজি আমদানি করে ভারত পেট্রলিয়াম। এ রাজ্য ছাড়াও, উত্তর-পূর্ব ভারতের পেট্রো রাসায়নিক শিল্প সংস্থার পণ্য হলদিয়া বন্দরের মাধ্যমে সরবরাহ করা হয়। পেট্রো রসায়ন শিল্পের একটি অন্যতম কাঁচামাল হল ন্যাপথা। তবে হরমুজ় প্রণালী ইরান কার্যত দখল করে রাখায় ন্যাপথা এবং ক্রুড অয়েলের আমদানিতে ঘাটতির আশঙ্কা করেছে শিল্প সংস্থাগুলি।

শিল্পশহরের অন্যতম দুই বড় শিল্প সংস্থা হলদিয়া রিফাইনারি এবং হলদিয়া পেট্রোক্যাম অবশ্য জানাচ্ছে, চলতি আর্থিক বছরে (আগামী ৩১ মার্চ পর্যন্ত) উৎপাদনে প্রভাব পড়বে না। হলদিয়া পেট্রোক্যামের চিফ এগজিকিউটিভ আধিকারিক নবনীত নারায়ণ বলেন, ‘‘চলতি আর্থিক বছরে প্রভাব পড়বে না। কারখানায় পর্যাপ্ত ফিড স্টক মজুত রয়েছে। এইচপিএল দেশীয় বাজার ও পশ্চিম এশিয়া— উভয় জায়গা উৎস থেকেই ন্যাফথা ক্রয় করে। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে আমরা দেশীয় বাজার থেকে ক্রয় বাড়ানোর পরিকল্পনা করছি।’’ দেশীয় বাজার বলতে হলদিয়া রিফাইনারি, এইচপিসিএল, বিপিসিলে’র মতো কারখানাগুলিকে বোঝাতে চেয়েছেন ওই আধিকারিক।

আবার হলদিয়া রিফাইনারি সূত্রের খবর, পশ্চিম এশিয়া থেকে হলদিয়া রিফাইনারির ক্রুড ওয়েল প্রথমে পারাদ্বীপ বন্দরে আসে। তারপর পাইপ লাইনের মাধ্যমে হলদিয়া আসে। রিফাইনারিতে ন্যাপথা বানানো হয়। তারা জানাচ্ছে, এই উৎপাদনের কাঁচামাল পর্যাপ্ত রয়েছে। উৎপাদনও পুরোপুরি স্বাভাবিক।

(তথ্য: আরিফ ইকবাল খান)

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Petrochemical Industry Haldia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy