উন্নয়নের কাজে গতি আনতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতগুলিকে ‘ডু ইট নাও’ পদ্ধতি নিয়ে চলতে হবে বলে মন্তব্য করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতি ছাত্র-ছাত্রী ও রাজ্য মন্ত্রীসভায় পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। তমলুকে জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত ছিলেন জেলার সব পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রামপঞ্চায়েত প্রধানরা। ছিলেন জেলা শাসক রশ্মি কমল-সহ জেলা পড়িষদের কর্মাধ্যক্ষরা।
শুভেন্দুবাবু বলেন, ‘‘জেলায় উন্নয়নের কাজে আরও গতি আনতে ‘ডু ইট নাও’ পদ্ধতি মেনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৭ মে দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে প্রশাসনিক বৈঠক করে উন্নয়নের কাজের রূপরেখা দিয়ে দ্রুত কাজের জন্য লক্ষ্যমাত্রা নিয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে দ্রুত কাজ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন একইভাবে জেলা, ব্লক ও অঞ্চলগুলিতে এই নীতি অনুসরণ করে কাজ করতে হবে।’’
পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়নের কাজে আরও এগোনোর পরামর্শ দিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘শুধু মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। উন্নয়নে রাজ্যে প্রথম স্থান দখল করতে হবে।’