বকেয়া পঞ্চায়েত-কর না দিলে মিলছে না খাদ্য সুরক্ষার ফর্ম। ঝাড়গ্রাম ব্লকে তৃণমূলের ক্ষমতাসীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হয়েছে ঝাড়গ্রাম লোকসভা যুব কংগ্রেস। শুক্রবার এই দাবি-সহ মোট ৬-দফা দাবিতে ঝাড়গ্রামের বিডিও অনির্বাণ বসুর কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ দিন অরণ্যশহরে মিছিলও করেন যুব কংগ্রেস কর্মীরা। ঝাড়গ্রাম লোকসভা যুব কংগ্রেসের সভাপতি খোন্দকার সামিম আলি-র অভিযোগ, “মানিকপাড়া-সহ বিভিন্ন পঞ্চায়েত কর্তৃপক্ষ খাদ্য সুরক্ষার ফর্ম বিলি নিয়ে একুশে আইন জারি করেছেন। যে সমস্ত বাসিন্দার পঞ্চায়েত-কর বকেয়া রয়েছে, তাঁদের ফর্ম দেওয়া হচ্ছে না। বকেয়া কর আদায়ের লক্ষ্যে খাদ্য সুরক্ষার ফর্মকে নিয়ম বহির্ভুত ভাবে হাতিয়ার করেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ।” একাধিক বার অভিযোগ করেও সুরাহা হয়নি। ঝাড়গ্রামের বিডিও অনির্বাণ বসু বলেন, “অভিযোগ পেয়েছি। খাদ্য সুরক্ষার ফর্ম বিলি ও জমা নেওয়ার সঙ্গে বকেয়া কর প্রদানের কোনও সম্পর্ক নেই। এ ব্যাপারে সমস্ত গ্রাম পঞ্চায়েতে নির্দেশিকা পাঠিয়েছি।”